চাঁদপুরে করোনায় মৃত্যু কমেছে, বেড়েছে সংক্রমণ

স্টাফ রিপোর্টার

করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে চাঁদপুরে মারা গেছেন আরও ৭ জন। গত ২৪ ঘণ্টায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মৃত্যুবরণ করেন। একইসঙ্গে জেলায় ৬শ ২ জনের নমুনা পরীক্ষায় করোনা সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছেন ২শ ২১ জন। এতে সংক্রমণের হার ৩৬.৭১ শতাংশ। সোমবার (৯ আগস্ট) সকালে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ও জেলা করোনা বিষয়ক ফোকাল পারসন ডা. সুজাউদ্দৌলা রুবেল এসব তথ্য জানিয়েছেন।

ডা. সুজাউদ্দৌলা আরো জানান, সাতজনের একজন মারা গেছেন করোনা সংক্রমণে এবং অন্যরা মারা গেছেন করোনা উপসর্গ নিয়ে। তিনি জানান, হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন থেকে আগের ৫০টি মিটারের সঙ্গে আরো ৫০টি যোগ হয়েছে। একইসঙ্গে সিলিন্ডার থেকেও রোগীদের অক্সিজেন সেবা দেওয়া হচ্ছে। এতে মুমূর্ষু রোগীদের মৃত্যুর হার অনেকাংশে হ্রাস পাবে।

গত ২৪ ঘন্টায় যে ৭ জন মারা যান তাঁরা হলেন- ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর গ্রামের সেলিনা বেগম (৪৫), ঘনিয়া গ্রামের হাজী হাফিজুর রহমান (৫৮), বিশকাটালি গ্রামের আব্দুস সালাম (৫৭), চরমথুরা গ্রামের নজরুল ইসলাম (৫২), হাইমচর উপজেলার চরকৃষ্ণপুর গ্রামের আব্দুস সাত্তার (৬৫), হাজীগঞ্জ উপজেলার মাতুইন গ্রামের চাঁন মিয়া (৮০) এবং চাঁদপুর সদর উপজেলার মৈশাদী গ্রামের মমতাজ বেগম (৮০)।

সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ জানান, চাঁদপুরে এ পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছে ১২ হাজার ২শ ২৯ জন। আর মারা গেছেন প্রায় ২শ জন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন পাঁচ শতাধিক। এরইমধ্যে চাঁদপুরে গণটিকা কার্যক্রমসহ এ পর্যন্ত নানা বয়সী প্রায় তিন লাখ মানুষকে টিকা দেওয়া হয়েছে।

১০ আগস্ট, ২০২১।