মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারের দাম বেড়েছে চাঁদপুরে

শাহ্ আলম খান
করোনাভাইরাস সংক্রমণ দ্রুত বেড়ে যাওয়ায় এক সপ্তাহের লকডাউন ঘোষণা দিয়েছে সরকার। লকডাউন ঘোষণার পর থেকেই চাঁদপুরে মাস্ক ও স্যানিটাইজারের দাম বেড়েছে। মঙ্গলবার (৬ এপ্রিল) লকডাউনের দ্বিতীয় দিন চাঁদপুর শহরের বেশ কয়েকটি দোকান ও ওষুধ ফার্মেসী ঘুরে এমন চিত্র দেখা গেছে। হ্যান্ড স্যানিটাইজারের দাম বাড়লেও চাহিদা বেড়েছে দিগুণ।
ক্রেতারা জানান, করোনাভাইরাস প্রথম ঢেউ আসার পর অসাধু ব্যবসায়ীরা মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার দাম দ্বিগুণ করেছে। এইবার দ্বিতীয় ঢেউ আসার পর আবারো অসাধু ব্যবসায়ীরা সক্রিয় হয়ে উঠেছে, বিষয়টি মাঠ প্রশাসনের নজরে না আসলে এর দাম আরো বাড়িয়ে দেবে অসাধু কিছু ব্যবসায়ী।
এ বিষয়ে মাস্ক-স্যানিটাইজার বিক্রেতাদের কাছে জানতে চাইলে তারা বলেন, মাস্ক ও স্যানিটাইজার পর্যাপ্ত আছে। আমরা বেশি দামে কিনছি, তাই বেশি দামে বিক্রি করতে হচ্ছে।
জেলা প্রশাসক কার্যালয়ের সামনে কয়েকজন খুচরা মাস্ক বিক্রেতারা জানান, লকডাউন ঘোষণার পরই পাইকারি বাজারে মাস্কের দাম বেড়ে গেছে। তাই বাড়তি দাম দিয়ে বাধ্য হয়েই কিনতে হচ্ছে। এখন দুই পিস মাস্ক ১০ টাকা, আগে চার পিস ১০ টাকায় বিক্রি করতাম।
বাবুরহাট বাজার ব্যবসায়ী বলেন, মাস্কের চাহিদা আগের চাইতে অনেক বেশি তাই দামও সামান্য বেশি। ঢাকা থেকে আমরা বেশি দামে কিনেছি তাই বেশি দামে বিক্রি করতে হচ্ছে। তবে স্যানিটাইজার দাম আগের চাইতে একটু বাড়েছে। আগে এক বক্স মাস্কের( ৫০টি) দাম ছিলো ১১০ থেকে ১২০ টাকা। স্যানিটাইজার ছোট সাইজ ৩৫-৫০ টাকা, আর বড় সাইজ ১২০ থেকে ১৪০টাকা।

০৭ এপ্রিল, ২০২১।