জাহাঙ্গীর আলম ইমরুল
কুমিল্লার বুড়িচংয়ে ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে নারী-শিশুসহ ৩০ রোহিঙ্গাকে আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ-বিজিবি। আটকদের বুড়িচং থানায় হস্তান্তর করেছে বিজিবি। বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকেলে তাদের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয় বলে জানিয়েছে পুলিশ।
খারেরা বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার আবদুল খালেক জানান, বুধবার রাত সাড়ে ১১টায় ভারতীয় সীমান্তবর্তী জামতলা এলাকার ২০৬৬ নম্বর মেইন পিলারের সাব ৫ নম্বর পিলার সংলগ্ন এলাকা দিয়ে ভারতে যাওয়ার সময় তাদের আটক করা হয়।
তিনি আরো জানান, কক্সবাজার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে মানব পাচারকারীদের মাধ্যমে ভারতে যাওয়ার উদ্দেশ্যে তারা এখানে এসেছিলো। আটকদের বৃহস্পতিবার বুড়িচং থানায় হস্তান্তর করা হয়েছে বলেও তিনি জানান।
বুড়িচং থানার ওসি মারুফ রহমান জানান, আটকদের মধ্যে ৬ জন পুরুষ, ৮ জন নারী এবং ১৬ জন শিশু রয়েছে।
তিনি জানান, সব কার্যক্রম সম্পন্ন করে বিকেলে তাদের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশে পাঠানো হয়েছে।
০৭ অক্টোবর, ২০২২।
