চাঁদপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা

অসাধু জেলেদের চিহ্নিত করে দমন করতে হবে
…………. জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান
এস এম সোহেল
চাঁদপুরে জেলা মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান।
তিনি তার বক্তব্যে বলেন, ডিসেম্বর থেকে মুজিব বর্ষ শুরু করা হবে। আর এই মুজিববর্ষকে ঘিরে জঙ্গিবাদরা নৈরাজ্য করার চেষ্টা করবে। সেদিকে আমাদের দৃষ্টি রাখতে হবে। মুজিব বর্ষে জাতির জনকের জীবন ইতিহাস আমাদের প্রজন্মকে জানাতে হবে। প্রতিটি উপজেলায় যেন মুজিব বর্ষ পালন করা হয়। বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করতে হবে। তিনি এদেশ স্বাধীন করে লাল-সবুজের পতাকা এনে দিয়েছেন। মুজিব বর্ষ পালন হবে বিনম্র শ্রদ্ধায়। উন্নত দেশের পূর্ব শর্ত হলো আইন শৃঙ্খলা রক্ষা করা। তিনি বলেন, ঘূর্ণিঝড় বুলবুল অতিক্রম করে গেছে মহান আল্লাহ আমাদের রক্ষা করেছেন। এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বর্তমান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহস রয়েছে।
তিনি আরো বলেন, ইলিশ যদি রক্ষা করতে পারি তাহলে দেশে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। ইলিশ সুস্বাদু মাছ। আগামিতে এই মা ইলিশ রক্ষায় হেলিকপ্টার ব্যবহার করে অভিযান করলে মা ইলিশ রক্ষা করতে পারবে। সব জেলে মা ইলিশ রক্ষা মৌসুমে মাছ ধরে না। কিছুসংখ্যক জেলে অসদোপায় অবলম্বন করে তা করে থাকে। তাদের শক্ত হাতে দমন করতে হবে। কিছুসংখ্যক লোকের যোগসাজশে এই অসাধু জেলেরা এ ধরনের কাজ করে থাকে। এরা কারা, তাদেরও চিহ্নিত করতে হবে।
এসময় বক্তারা আরো বলেন, ওয়াজে অনেক মাইক লাগিয়ে শব্দ দূষণ করা হয়। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া প্রয়োজন। চাঁদপুরের অপরাধ নদীর জোয়ারের মতো। কখনো বেড়ে যায়, আবার কখনো কমে যায়। অনুমতি ছাড়া কোন ওয়াজ করতে দেয়া হবে না। অনুমতি না থাকলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা ওয়াজ বন্ধ করতে পারবে। মুজিববর্ষের জন্য চাঁদপুর জেলা পুলিশ প্রশাসন বছরব্যাপী অনুষ্ঠান করবে। জেলা পুলিশের পক্ষ থেকে মুজিব বর্ষের ম্যাগাজিন প্রকাশ করা হবে। নারী পুলিশ সদস্যরা বঙ্গবন্ধু যে খাবার পছন্দ করত সেসব খাবার রান্না করবে।
বিগত মাসের কার্যবিবরণী ও অগ্রগতি তুলে ধরেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জামাল হোসেন।
এ সময় বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক লক্ষ্মন চন্দ্র সূত্রধর, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান প্রমুখ।
উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া, মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, মতলব দক্ষিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী আফরোজ, হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌসি বেগম, শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপায়ন দাস শুভ, আঞ্চলিক পাসপোর্ট কর্মকর্তা মো. তাজবিল্লাহ, জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, চাঁদপুর উত্তর ফায়ার স্টেশনের পরিচালক ফরিদ আহমেদ, জেলা মৎস্য কর্মকর্তা আসাদুল বাকী, ট্রাফিক ইন্সপেক্টর সাইফুল ইসলাম, চাঁদপুর নৌ-থানার অফিসার ইনচার্জ আবু তাহের খান, চাঁদপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ সরোয়ার আলম, জেল সুপার মো. মাইনুদ্দিন ভূঁইয়া, জেলা আনসার কমান্ডার ইব্রাহিম খলিলসহ আরো অনেকে।