ওবায়দুর রহমান
চাঁদপুরে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. সমুদ্র মাল (২৪) নামে যুবক ও মো. ইছা (৩৫) নামে অটোরিকশাচালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন মোটরসাইকেলের এক আরোহীসহ দুই পথচারী।
গত সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে চাঁদপুর শহরের চেয়ারম্যানঘাট এলাকার জেলা প্রশাসক কার্যালয়ের বিপরীতে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত সমুদ্র মাল শহরের বাবুরহাট এলাকার মাল বাড়ির মো. মনির মালের ছেলে। তিনি চাঁদপুর পৌর ১৪নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সদস্য। অপর নিহত অটোরিকশা চালকের ইছার বাড়ি নাটোর জেলায়।
আহতরা হলেন- মোটর সাইকেল আরোহী মো. রাকিব (২৭), পথচারী মো. আফজাল (২৬) ও মো. ফাহাদ (১৮)। আহতরা চাঁদপুর শহর এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, জেলা প্রশাসক কার্যালয়ের বিপরীত এলাকায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়ক দিয়ে সমুদ্র মাল ও রাকিব শহর থেকে ব্যক্তিগত কাজ সেরে বাবুরহাটে বাড়ির উদ্দেশে রওনা দেয়। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশা ঘুরিয়ে নেয়ার সময় মুখোমুখি সংঘর্ষে হয়। এতে অটোরিকশা ও মোটর সাইকেল ধুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় সমুদ্র মাল নামে যুবক ও অটোরিকশা চালক ইসমাইলের। বাকি আহত ৩ জনকে স্থানীয় লোকজন উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় চাঁদপুর সদর মডেল থানা পুলিশ এবং স্থানীয়দের সহায়তায় দুই মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. বেলায়েত হোসাইন বলেন, দুর্ঘটনার পর হাসপাতালে নিয়ে আসা ৫ জনের মধ্যে দু’জনকেই মৃত অবস্থায় পেয়েছি। মৃত দুজনের শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাদের মৃত্যু হয়েছে। আহত ৩ জনের মধ্যে গুরুতর আহত রাকিব ও ফাহাদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপরজন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।
চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. বাহার মিয়া বলেন, নিহত অটোরিকশা চালক ইছার স্বজনদের থানায় আসতে খবর পাঠিয়েছি। মরদেহ দুটি সুরতহাল করা হয়েছে। ময়নাতদন্ত এবং আইনী ব্যবস্থাগ্রহণ শেষে পরিবারে কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
২১ মে, ২০২৫।
