চাঁদপুর ১২নং ওয়ার্ডে নৌকা প্রতীকের উঠান বৈঠক ও গণসংযোগকাল

 

সুখে দুঃখে সারাজীবন আপনাদের পাশে থাকবো
…………অ্যাড. জিল্লুর রহমান জুয়েল
স্টাফ রিপোর্টার
চাঁদপুর পৌরসভার কাজ হলো রাস্তা-ঘাট-ড্রেনের উন্নয়ন করা। কার ব্যর্থতা, তা নিয়ে কথা বলতে চাই না। আগামি দিনগুলোতে পৌরসভার উন্নয়ন করতে চাই। দায়িত্ব পালনে বয়স লাগে না, মন থাকতে হবে। আমি নিয়মের মাধ্যমে পৌরসভা চালাবো। কোনো অন্যায়কে আমি ছাড় দিবো না। আমাকে আওয়ামী লীগ অফিসে বসে কেউ মনোনয়ন দেয়নি। আমাকে মনোনয়ন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি মেয়র হলে প্রধানমন্ত্রীকে বলতে পারবো আপনার প্রার্থীকে জনগণ ভোট দিয়ে বিজয়ী করেছে। সেই সুবাদে জনগণের উন্নয়নে বেশি করে কাজ করতে পারবো। একজন ভাল পোষাক পরা ব্যক্তি যেমন আমার সাথে কথা বলবে, তেমনি একজন মেহনতি শ্রমিক আমার সামনে বসে চা খেতে খেতে তার কথা বলতে পারবেন। ভোটের দিন আপনারা ভোটকেন্দ্রে যাবেন। আপনারা না গেলে এ ভোটের কোনো মূল্য হবে না। স্থানীয় সরকারের উন্নয়নে আগামি ১০ অক্টোবর ভোট কেন্দ্রে যাবেন, আমাদের বিজয়ী করে পৌরসভায় বসালে আগামি দিনের উন্নয়নে কাজ করবো। আপনারা আমার জন্য একদিন কষ্ট করুন, আমি সুখে দুঃখে সারাজীবন আপনাদের পাশে থাকবো কথা দিলাম। আমি নির্বাচিত হলে প্রতিটি ওয়ার্ডের উন্নয়নে পরিকল্পনা থাকবে। শহরে আর ডাস্টবিন থাকবে না, সবাই বাসা-বাড়িতে ময়লা রাখবেন নির্দিষ্ট সময়ের মধ্যে লোক গিয়ে তা নিয়ে আসবে।
রোববার (২৭ সেপ্টেম্বর) চাঁদপুর পৌর এলাকার ১২নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে উঠান বৈঠক ও গণসংযোগকালে এসব কথা বলেন চাঁদপুর পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার মেয়র প্রার্থী অ্যাড. জিল্লুর রহমান জুয়েল।
তিনি গতকাল ১২নং ওয়ার্ডের আনোয়ার গাজী বাড়ী, এলাহী মসজিদ সংলগ্ন দেওয়ান বাড়ী, আলী রাজা মসজিদের পশ্চিম পাশে ছৈয়াল বাড়ী, মিশন রোড পূর্ব হারুন ভূঁইয়ার বাড়ী, খান সড়ক, খান বাড়ী (বটতলা) (জাফর খান) বাড়ী, মাদ্রাসা রোডের মাদ্রাসা মাঠে, বঙ্গবন্ধু রোড আলী এরশ্বাদ মিজি বাড়ী, উত্তর গুণরাজদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, জিটি রোড, মিজি বাড়ীতে উঠোন বৈঠক ও গণসংযোগে অংশ নিয়ে সাধারণ মানুষের বিভিন্ন দাবির কথা শুনেন এবং তা পূরণের আশ্বাসও দেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগ যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, চাঁদপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আরশাদ মিয়াজী, পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এমরান হোসেন সেলিম, জেলা যুবলীগের সদস্য আব্দুল গনি, কাউন্সিলর প্রার্থী হাবিবুর রহমান দর্জি, মহিলা কাউন্সিলর প্রার্থী আয়েশা রহমানসহ নেতৃবৃন্দ।
২৮ সেপ্টেম্বর, ২০২০।