চাঁদপুর ১৪নং ওয়ার্ডে মেয়র প্রার্থী আক্তার মাঝির গণসংযোগ ও পথসভা

স্টাফ রিপোর্টার
চাঁদপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বাবুরহাট ১৪নং ওয়ার্ড বিএনপির মনোনীত ধানের শীষের মেয়র প্রার্থী আক্তার হোসেন মাঝির দিনব্যাপী ব্যাপক গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে ১৪নং ওয়ার্ড শিলন্দিয়ার অংশ, আশিকাটির, দাসাদীর, বাবুরহাট বাজার ও পেন্নাই সড়কে বিএনপির মেয়র প্রার্থী আক্তার হোসেন মাঝি ধানের শীষ মার্কা নিয়ে দিনব্যাপী ব্যাপক গণসংযোগ ও পথসভা করেন। গণসংযোগ ও পথসভায় বিএনপির মেয়র প্রার্থী আক্তার হোসেন মাঝি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন।
এ সময় তিনি বিভিন্ন পথসভায় বলেন, গণতন্ত্রের মুক্তি ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে আগামী ১০ অক্টোবর সকলকে ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রদান করতে হবে। মাদক ও দুর্নীতিমুক্ত পৌরসভা গঠনে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে পৌর মেয়র হিসেবে আমাকে জয়যুক্ত করবেন। আপনাদের ভোটে আমি মেয়র নির্বাচিত হলে চাঁদপুর পৌরসভার বাবুরহাট অঞ্চলকে একটি শিল্প এলাকা হিসেবে গড়ে তুলবো। বর্ধিত এ অঞ্চলে বিশুদ্ধ পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা সুপরিকল্পিত ভাবে গড়ে তুলব। আপনাদের নাগরিক সুবিধা শতভাগ নিশ্চিত করবো।
বিএনপির মেয়র প্রার্থী আক্তার হোসেন মাঝি গণসংযোগ শেষে বিএনপি ও নেতা ১৪নং ওয়ার্ডের কাউন্সিলর মরহুম খানবাহাদুর ও স্বেচ্ছাসেবক দল নেতা আবুল হোসেন মৃধার কবর জিয়ারত করেন।
বিএনপির মেয়র প্রার্থী আক্তার হোসেন মাঝির গণসংযোগ ও পথসভা উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক দেওয়ান সফিকুজ্জামান, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ আলম রবিন, ১৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি লিটন মজুমদার, সাধারণ সম্পাদক বাবুল মাল, সাংগঠনিক সম্পাদক কাউছার পাটওয়ারী প্রমুখ।
সন্ধ্যায় বিপণীবাগস্থ ধানের শীষের মেয়র প্রার্থীর কার্যালয়ে শ্রমিক দলের সভা অনুষ্ঠিত হয়।
২৮ সেপ্টেম্বর, ২০২০।