স্টাফ রিপোর্টার
সচেতন নাগরিক কমিটি (সনাক) চাঁদপুরের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় সনাকের ইয়েস, ইয়েস ফ্রেন্ডস ও স্থানীয় তরুণ শিক্ষার্থীসহ অর্ধ শতাধিক তরুণের অংশগ্রহণে তথ্য অধিকার আইন ২০০৯ ও এর প্রয়োগ শীর্ষক ভার্চুয়াল ওরিয়েন্টেশন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ওরিয়েন্টেশনের উদ্বোধনী পর্বে সনাক সভাপতি অধ্যক্ষ মো. মোশারেফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ দাউদ হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিসি মো. মেহেদী হাসান মানিক। স্বাগত বক্তব্য রাখেন টিআইবি’র প্রোগ্রাম ম্যানেজার কুমিল্লা ক্লাস্টার মো. হুমায়ুন কবির।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ দাউদ হোসেন চৌধুরী বলেন, তথ্য অধিকার আইন সম্পর্কে জানলে দুর্নীতি কমবে এবং তথ্য পেতে সহজ হবে। দুর্নীতি প্রতিরোধ ও সেবা পাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা দূরীকরণে তথ্য অধিকার আইন খুবই গুরুত্বপূর্ণ।
তিনি আরো বলেন, তরুণ প্রজন্ম তথ্য অধিকার আইন সম্পর্কে জানতে পারলে তাদের তথ্য পেতে সহজ হবে। পাশাপাশি তারা সাধারণ জনগণকে এই আইন সম্পর্কে এবং তথ্য পেতে করণীয় সম্পর্কে ধারনা প্রদান করতে পারবে। ফলে সাধারণ জনগণের তথ্য পেতে আরও সহজ হবে।
তিনি তরুণদের উদ্দেশে বলেন, আপনারা যারা ওরিয়েন্টেশনে অংশগ্রহণ করেছেন আশা করছি অত্যন্ত মনোযোগ সহকারে জানার ও বোঝার চেষ্টা করবেন। তিনি বলেন, প্রশিক্ষণ শেষে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হবে এবং প্রতিযোগিতার সেরা দশজন বিজয়ীকে পুরস্কৃত করা হবে।
তিনি আরো বলেন, জেলা প্রশাসনের আওতায় যতগুলো সরকারি প্রতিষ্ঠান আছে প্রতিটি প্রতিষ্ঠানের ওয়েব পোর্টাল স্টাডি ইতোমধ্যে টিআইবি সম্পন্ন করেছে। আমরা আশা করছি টিআইবি আমাদের স্টাডি রিপোর্টটি প্রদান করলে আমরা ওয়েব পোর্টালের ঘাটতিগুলো পূরণ করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে পারবো।
বিশেষ অতিথির বক্তব্যে এনডিসি মো. মেহেদী হাসান মানিক বলেন, তথ্য অধিকার আইনের উপর আজকের এই ওরিয়েন্টেশনটি টিআইবি’র একটি ভালো উদ্যোগ। এটা মূলতঃ আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস উপলক্ষে আয়োজন করা হয়েছে। তিনি আরো বলেন, তথ্য অধিকার আইন বাংলাদেশের ইতিহাসে একটি মাইলফলক হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। তথ্যই শক্তি, আমরা যত বেশি তথ্য জানবো তত বেশি সমৃদ্ধ হবো। তথ্য অধিকার আইনের উপর আজকের এই ওরিয়েন্টেশনটি শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ ওরিয়েন্টেশনটি তাদের জ্ঞানকে আরও সমৃদ্ধ করবে। তিনি আরো বলেন, আমরা আমাদের নিজ নিজ অবস্থান থেকে জনগণকে সেবা দেওয়ার জন্য আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছি।
সনাক সভাপতি অধ্যক্ষ মো. মোশারেফ হোসেন বলেন, অবিরত তথ্য প্রাপ্তির অধিকার নিশ্চিত করতে টিআইবি’র দীর্ঘ আন্দোলনের ফসল তথ্য অধিকার আইন ২০০৯ যা সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ। তিনি আরো বলেন, তথ্য অধিকার আইন আমাদের তথ্য প্রাপ্তির দ্বার উন্মোচিত করেছে। এই ওরিয়েন্টেশনের ফলে তরুণ শিক্ষার্থীরা তথ্য অধিকার আইন সম্পর্কে জানবে এবং জনগণকে জানাতে সহযোগিতা করবে বলে আমি বিশ্বাস করি।
টিআইবি’র প্রোগ্রাম ম্যানেজার মো. হুমায়ুন কবির, তথ্য অধিকার আইন বাংলাদেশ সরকারের একটা যুগান্তকারী পদক্ষেপ। দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠায় তথ্য অধিকার আইন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি তথ্য অধিকার আইন ও আজকের এই ওরিয়েন্টেশন তরুণ শিক্ষার্থীদের জন্য খুব গুরুত্বপূর্ণ।
ওরিয়েন্টেশনে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন টিআইবি চাঁদপুরের এরিয়া ম্যানেজার মো. মাসুদ রানা। তিনি বলেন, তথ্য প্রাপ্তির ক্ষেত্রে আমাদেরকে অনেক সময় হয়রানির শিকার হতে হয়। এ হয়রানি থেকে মুক্তি পেতে তথ্য অধিকার আইন বাস্তবায়ন করা হয়েছে। তথ্য অধিকার আইন গণতন্ত্রকে যেমন শক্তিশালী করে তেমনি দুর্নীতি প্রতিরোধ ও আইনের সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দুর্নীতি প্রতিরোধ ও দারিদ্র্য বিমোচনের অন্যতম হাতিয়ার হলো তথ্য অধিকার আইন। তথ্য অধিকার আইন জনগণের একটা আইন। এর মাধ্যমে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা সম্ভব এবং দূর করা সম্ভব গোপনীয়তার সংস্কৃতি।
তিনি আরো বলেন, তথ্য অধিকার আইনটি প্রায় ১০০টি দেশে রয়েছে। তথ্য অধিকার আইন অনুয়ায়ি প্রতিটি প্রতিষ্ঠানে একজন দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তা থাকবে। যার দায়িত্ব থাকবে চাহিদা অনুযায়ী জনগণের তথ্যপ্রাপ্তি নিশ্চিত করা। এই আইনে নির্দিষ্ট সময়ে তথ্য না পেলে আইনানুগ ব্যবস্থাগ্রহণেরও বিধান রয়েছে।
২৪ সেপ্টেম্বর, ২০২০।
