মতলব বাজারের দোকানপাট বন্ধ, রাস্তাঘাট ফাকা


কামাল হোসেন
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ‘করোনাভাইরাস’ প্রতিরোধের লক্ষ্যে ও মতলব দক্ষিণ উপজেলার অধিবাসীদের স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি বিবেচনা করে কেবলমাত্র সরকারি কার্যক্রম পরিচালনা ও করোনা ভাইরাস সম্পর্কিত দাপ্তরিক কর্মকান্ড ছাড়া মতলব দক্ষিণ উপজেলার সব ধরনের সভা-সমাবেশ, সেমিনার, সামাজিক অনুষ্ঠান, রাজনৈতিক জনসভা ও সাংস্কৃতিক কার্যক্রম যথাঃ মেলা, গানের আসর, কমিউনিটি সেন্টারসহ বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। তবে খোলা ছিল ঔষধের দোকান, তরকারি বাজার, মুদি দোকান, মাছ বাজার। এছাড়া অন্যান্য দোকান পাট বন্ধ ছিল।
মতলব বাজারসহ উপজেলা ও পৌরসভার বিভিন্ন বাজারগুলোও এ অবস্থায় চলছিল। এছাড়া মতলব থেকে বাবুরহাট পর্যন্ত এবং নায়েরগাঁও, নারায়নপুর পর্যন্ত সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। সড়কের বিভিন্ন স্থানে হ্যান্ড স্যানিটাইজার বসানো ছিল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক জানান, আতঙ্ক নয় সচেতনতাই করোনা ভাইরাস প্রতিরোধের উপায়। তাই সবাইকে সতর্ক থাকতে হবে। যার যার ঘরে থাকুন, করোনাভাইরাস প্রতিরোধ করুন।