হাজীগঞ্জের নতুন এসিল্যান্ড কানিজ ফাতেমা

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন কানিজ ফাতেমা। গতকাল সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়–য়ার অফিস কক্ষে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ অন্যান্য সরকারি কর্মকর্তারা। আজ মঙ্গলবার থেকে তিনি অফিস করবেন।
এর আগে গত বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন কানিজ ফাতেমা। তিনি কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি গোপালগঞ্জ জেলার বাসিন্দা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞানে অনার্স ও মাস্টার্স ডিগ্রিধারী কানিজ ফাতেমা ৩৪তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন।
কানিজ ফাতেমা এক কন্যা সন্তানের জননী। হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিয়াউল ইসলাম চৌধুরী বিগত দিনে যেভাবে সেবা দিয়েছেন, তার ধারাবাহিকতা অব্যাহত রেখে ভবিষ্যতে আরও উন্নততর সেবা প্রদানের লক্ষ্যে কাজ করবেন বলে তিনি জানান।
এদিকে নবাগত সহকারী কমিশনার (ভূমি) কানেজ ফাতেমাকে ফুলেল শুভেচ্ছা প্রদানকালে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহজালাল, উপজেলা একাডেমিক সুপারভাইজার সুর্ণিমল দেউড়ী, হাজীগঞ্জ মডেল সরকারি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ড. মো. আলমগীর কবির পাটওয়ারী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাও. মিজানুর রহমান, সদস্য আবুল কাশেম ও আকবার হোসেন।