হাজীগঞ্জে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

ছাত্রলীগকে অসহায়, নিপীড়িত ও নিস্পেষিত মানুষের পাশে দাঁড়াতে হবে
……..মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা ছাত্রলীগের সভাপতি মো. জহির উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন খানের নেতৃত্বে মঙ্গলবার (৫ জানুয়ারি) বিকালে উপজেলা ছাত্রলীগের র‌্যালিটি হাজীগঞ্জ পশ্চিম বাজার থেকে বের হয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র‌্যালি শেষে কিউসি টাওয়ারের সামনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম। তিনি বলেন, ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন সময় থেকে ১৯৭১ সাল পর্যন্ত দেশ ও জাতীর স্বার্থে যত আন্দোলন-সংগ্রাম হয়েছে। সকল আন্দোলন-সংগ্রামে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ছাত্রলীগসহ মুক্তিযুদ্ধের চেতনায় সব ছাত্র অংশ নিয়েছে।
তিনি বলেন, সেদিন ছাত্র-তরুণ ও যুবকদের অংশগ্রহণ না থাকলে স্বাধীনতা দুঃসাধ্য হয়ে যেতো। আর স্বাধীনতা পরবর্তী সময়ে দেশের বিভিন্ন সময়ে ছাত্রলীগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এখন ছাত্রলীগের কাজ হচ্ছে, বঙ্গবন্ধুর স্বপ্ন উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে প্রধানমন্ত্রী যে সকল পদক্ষেপ গ্রহণ করছেন, তা বাস্তবায়নে ছাত্রলীগকে অকুণ্ঠ সমর্থন দেয়া ও তাঁর হাতকে শক্তিশালী করা।
নিজ নিজ এলাকার অসহায়, নিপীড়িত ও নিষ্পেষিত মানুষের পাশে দাঁড়াতে হবে উল্লেখ করে মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি বলেন, ছাত্রলীগকে আদর্শকেন্দ্রিক রাজনীতি করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরিব, দুঃখী ও অসহায় মানুষের জন্য আর্ত-সামাজিক উন্নয়নে যেসব কর্মসূচি গ্রহণ করেছেন, তা বাস্তবায়নে নিজ নিজ এলাকায় কাজ করতে হবে।
উপজেলা ছাত্রলীগের সভাপতি এবায়েদুর রহমান খোকন বলির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু ইউছুফ মোহন গাজীর পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে এ দিন দুপুর ২টা থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে এবং পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে র‌্যালিতে অংশ নেয় ছাত্রলীগের নেতা-কর্মী ও সমর্থকরা।
র‌্যালিতে নেতাকর্মীরা জাতীয় পতাকা ও ছাত্রলীগের পতাকাসহ ব্যানার, ফেস্টুন ও ভুভুজেলা নিয়ে অংশ নেয়। এ সময় ভুভুজেলার শব্দ ও তাদের শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে হাজীগঞ্জ বাজার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জেলা ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দসহ উপজেলা ও ইউনিয়ন ছাত্রলীগের কার্যকরী কমিটির নেতৃবৃন্দ এবং পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে কয়েক শতাধিক ছাত্রলীগের কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।
৬ জানুয়ারি, ২০২১।