
কথা রাখলেন মেয়র লিপন
মোহাম্মদ হাবীব উল্যাহ্
কথা রাখলেন হাজীগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ.স.ম মাহবুব-উল আলম লিপন। তিনি বলেছিলেন, সন্ধ্যা ৬টার মধ্যে পৌরসভা এলাকা থেকে কোরবানীর পশুর সব বর্জ্য অপসারণ করবেন। যেই কথা, সেই কাজ। নির্ধারিত সময়ের মধ্যেই তিনি পরিস্কার করলেন পৌর এলাকার সকল বর্জ্য।
বুধবার (২১ জুলাই) মাগরিবের আগেই সব বর্জ পরিস্কারের দৃশ্য চোখে পড়ে পৌরবাসীর। পৌরসভা কর্তৃক সব ওয়ার্ডে কোরবানী পশু জবেহ’র ৪৩টি নির্ধারিত স্থান, বিভিন্ন বাড়ি ও এলাকা এবং রাস্তা কিংবা ড্রেন কোথাও কোরবানীর বর্জ্য পড়ে থাকতে দেখা যায়নি। নির্ধারিত সময়ের মধ্যেই সকল বর্জ্য অপসারণ করে ব্লিচিং পাউডার ছিটানো হয়।
এছাড়া কোরবানীর পশুর বর্জ্য অপসারণের পর পশুর হাট থেকেও গোবর, ঘাস ও খড়কুটাসহ অন্যান্য বর্জ্য অপসারণ করা হয়। এ দিন (বুধবার) গভীর রাত পর্যন্ত হাজীগঞ্জ পশ্চিম বাজারস্থ কেন্দ্রীয় বাস র্টামিনালের অস্থায়ী গরুর হাট এবং হাজীগঞ্জ বাজারস্থ বালুর মাঠে অস্থায়ী ছাগলের হাটে জমে থাকা বর্জ্য অপসারণ করে পরিচ্ছন্ন কর্মীরা।
ঈদের দিন সরেজমিন পরিদর্শনে দেখা গেছে পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপনের উপস্থিতি ও তদারকীতে কোরবানীর পশুর বর্জ্য অপসারণ করা হচ্ছে। বর্জ্য অপসারণের পাশাপাশি তিনি পৌরবাসীর সাথে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং করোনা প্রতিরোধে স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানান।
পৌরসভা কার্যালয় সূত্রে জানা গেছে, এ দিন পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপনের সার্বিক তত্ত্বাবধানে সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৬টা ২০ মিনিট পর্যন্ত ২৬ জন পরিচ্ছন্ন কর্মী পৌরসভা এলাকা থেকে প্রায় ১২০ টন (১ লাখ ২০ হাজার কেজি) কোরবানীর পশুর বর্জ্য অপসারণ করে। পরিচ্ছন্ন কর্মীদের দুইটি টিমের মাধ্যমে ট্রাকযোগে এসব বর্জ্য অপসারণ করা হয়।
পরিচ্ছন্ন কর্মীদের প্রথম টিম পৌরসভার ১২নং ওয়ার্ড রান্ধুনীমূড়া ও আড়াখাল গ্রাম এবং দ্বিতীয় টিম এনায়েতপুর ও কংগাইশ গ্রাম এবং আলীগঞ্জ বাজার থেকে এই পরিচ্ছন্ন কার্যক্রম শুরু করে এবং বর্জ্য অপসারণের পাশাপাশি পরিবেশ সুরক্ষা ও দূষণমুক্ত রাখার লক্ষ্যে ব্লিচিং পাউডার ও তরল জীবাণুনাশক ছিটানো হয়। পরিচ্ছন্ন অভিযানে পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপনের সাথে পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পৌর আওয়ামী লীগের সভাপতি আ.স.ম মাহবুব-উল আলম লিপন মেয়র নির্বাচিত হওয়ার পর থেকেই তার দেওয়া নির্ধারিত সময়ের মধ্যেই কোরবানীর পশুর সব বর্জ্য অপসারণ করা হয়। যা টানা ৬ বছর ধরে চলে আসছে। তিনি নিজে উপস্থিত থেকে বর্জ্য পরিস্কারের অভিযান পরিচালনা করেন।
২২ জুলাই, ২০২১।
