জাহাঙ্গীর আলম ইমরুল
কুমিল্লা থেকে প্রকাশিত দেশের প্রাচীনতম সংবাদপত্র সাপ্তাহিক আমোদের উপদেষ্টা সম্পাদক শামসুননাহার রাব্বী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……রাজিউন)। গত শুক্রবার (২৫ জুন) বাংলাদেশ সময় রাত ১০টায় তিনি যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৭৯ বছর। তিনি মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত রোগে ভুগছিলেন।
তাঁর ছেলে আমোদ সম্পাদক বাকীন রাব্বী জানান, ২৩ জুন বাংলাদেশ সময় রাত সাড়ে ৩টার দিকে তাঁকে যুক্তরাষ্ট্রের নিউজর্জি রাজ্যের নেপচুন শহরের জার্জি শোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যুর আগপর্যন্ত তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন। শামসুননাহার রাব্বী ৫ দশকের বেশি সময় ধরে কুমিল্লায় সাংবাদিকতার পাশাপাশি লেখালেখির সাথে যুক্ত ছিলেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক কাজের সাথেও জড়িত ছিলেন। ভ্রমণ কাহিনীসহ তাঁর একাধিক গ্রন্থ প্রকাশিত হয়েছে।
মৃত্যুকালে তিনি ১ ছেলে, ৩ মেয়ে, ২ নাতনি ও ৭ নাতিসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। শামসুননাহার রাব্বীর একমাত্র ছেলে ঐতিহ্য কুমিল্লা’র প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা বাকীন রাব্বী তার মায়ের পরকালীন মাগফিরাতের জন্যে দোয়া চেয়েছেন।
ঐতিহ্য কুমিল্লাসহ বিভিন্ন সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছে।
উল্লেখ্য, ১৯৫৫ সালে মোহাম্মদ ফজলে রাব্বী কুমিল্লা থেকে ‘আমোদ’ পত্রিকার প্রকাশনা শুরু করেন। ইউনেস্কো পুরষ্কারে ভূষিত, বাংলাদেশের অন্যতম এই প্রাচীনতম পত্রিকা ‘আমোদ’ এর প্রতিষ্ঠাতা সম্পাদক মরহুম ফজলে রাব্বির সহধর্মিণী, বর্তমান সম্পাদক ও প্রকাশক বাকীন রাব্বির মা শামসুননাহার রাব্বী।
২৮ জুন, ২০২১।
