নারায়ন রবিদাস
ফরিদগঞ্জে দ্রুতগামী যাত্রীবাহী আনন্দ পরিবহন নামে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বাই-সাইকেল আরোহী সোহেল মিজি (৫৫) নামে এক পথচারীকে চাপা দিয়ে রাস্তার পাশে গর্তে পড়ে যায়। এতে বাই-সাইকেল
আরোহী সোহেল মিজি নিহত হয়েছেন। এসময় বাসের ভিতরে থাকা অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন। বুধবার (১১ আগস্ট) বেলা ১১টার দিকে চাঁদপুর-ফরিদগঞ্জ-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের ফরিদগঞ্জ উপজেলার ধানুয়া এলাকায় এই ঘটনা ঘটে।
জানা গেছে, বুধবার বেলা ১১টার দিকে চাঁদপুর থেকে সিএনজি ও ট্রাক আসার সময় ফরিদগঞ্জ-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের ফরিদগঞ্জ উপজেলার ধানুয়া দাসবাড়ির সংলগ্ন এলাকায় আসার পর পিছনে থাকা ট্রাক সিএনজিকে ওভারটেক করার সময় আনন্দ পরিবহনের একটি বাস রাস্তার একপাশে উল্টে পড়ে যায়। এসময় রাস্তার পাশে থাকা সাইকেল আরোহী সোহেল মিজি বাসের নিচে চাপা পড়েন। আহত সোহেল মিজিকে স্থানীরা উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে ঢাকায় রেফার করেন। পরে ঢাকায় নেওয়ার সময় পথেই মৃত্যু হয় তার। নিহত সোহেল মিজি উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের উত্তর চাঁদপুর গ্রামের মো. আব্দুল কাদের মাস্টারের ছেলে।
এদিকে বাস উল্টে যাওয়ার ঘটনায় বাসের ভিতরে থাকা অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শহীদ হোসেন জানান, ঘটনাস্থল থেকে গাড়িটি জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছে। তাকে এখনো আটক করা সম্ভব হয়নি। তাকে আটকের অভিযান অব্যাহত রয়েছে।
১২ আগস্ট, ২০২১।
