হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জে আধুনিক, যুগোপযোগী ও বিজ্ঞানসম্মত শিক্ষার লক্ষ্যে অরবিট মর্ডান একাডেমির (প্রাথমিক শিক্ষা) উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে পৌরসভাধীন রান্ধুনীমুড়া গ্রামে (হাজীগঞ্জ ডিগ্রি কলেজের পাশে) অবস্থিত এ শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিয়াউল ইসলাম চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, উন্নত ও সমৃদ্ধশালী দেশ গঠনে সরকার শিক্ষা ব্যবস্থাকে অগ্রাধিকার দিয়েছে। যুগোপযোগী শিক্ষা প্রদানে শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন, প্রয়োজনীয় শিক্ষক, উপকরণ ও প্রশিক্ষণ প্রদানসহ প্রতিটি উপজেলায় একটি কলেজ ও মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণ করেছে সরকার। সেই সাথে বেসকারি শিক্ষা প্রতিষ্ঠান গড়ার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করেছে।
অরবিট মর্ডান একাডেমির উদ্বোধনকে স্বাগত জানিয়ে জিয়াউল ইসলাম চৌধুরী বলেন, সরকারি বিধিমালা অনুযায়ী এবং মানসম্মত ও যুগোপযোগী শিক্ষা বিস্তারে গুরুত্বারোপ করতে হবে। শিক্ষার্থীকে বাড়িতে হোমওয়ার্ক না দিয়ে, ক্লাসের পড়া ক্লাসে আদায় করতে হবে। শিক্ষার্থীর প্রতি কোন প্রকার চাপ-সৃষ্টি ও ভয়ভীতি না দেখিয়ে, পড়ালেখাকে আনন্দময় করে পাঠদান করতে হবে।
অরবিট মর্ডান একাডেমির সভাপতি ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামছুজ্জামান মুন্সীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন রনি, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ সৈয়দ আহম্মদ খসরু, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আকতার হোসেন, হাজীগঞ্জ ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মো. আনোয়ার উল্যাহ, সহকারী অধ্যাপক মো. সেলিম ও হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মুন্সী মোহাম্মদ মনির প্রমুখ।
একাডেমির পরিচালক ও হাজীগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক মো. জাকির হোসেনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠান ও অতিথিদের বক্তব্য শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাও. মো. মনির হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো. শাহজামাল, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহসান উল্যাহ্ মৃধা, মো. জাকির হোসেন মিয়াজী, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. আবুল কাশেম মুন্সী প্রমুখ।
অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন অরবিট মর্ডান একাডেমির পরিচালক আমিনুল ইসলাম, কারিমা আক্তার, মো. আমির হোসেন, মো. ফজলুল হক, মো. আলাল হোসেন, মো. সোহেল আহম্মেদ, মো. নুর আলম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আঁখি আহমেদসহ একাডেমিক শিক্ষকগণ।
এ সময় অতিথিবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
