আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের ফাইনালে অংশ নিতে না পারায় চান্দ্রা ইউপি চেয়ারম্যানের প্রতি খেলোয়াড়দের ক্ষোভ

স্টাফ রিপোর্টার :
চাঁদপুরের পুলিশ সুপার কর্তৃক আয়োজিত ১ম আন্তঃজেলা মাদক, বাল্যবিবাহ, সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী ফুটবল টুর্নামেন্টের নির্ধারিত খেলা গতকাল রোববার বিকাল ৩টায় চাঁদপুর সদর বাবুরহাট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল চান্দ্রা ও তরপুরচন্ডি ইউনিয়নের মধ্য। কিন্তু চান্দ্রা ইউপির চেয়ারম্যান যথাসময়ে খেলোয়াড়দের নিয়ে মাঠে উপস্থিত না হওয়ায় খেলাটি অনুষ্ঠিত হয়নি। বিধি অনুযায়ী ওয়াকওভারের মাধ্যমে তরপুরচন্ডি ইউনিয়ন জয়লাভ করে। খেলায় অংশগ্রহণ করতে না পারায় খেলোয়াড়রা চান্দ্রা ইউপি চেয়ারম্যানের প্রতি ক্ষোভ প্রকাশ করেন।
এ বিষয়ে চান্দ্রা ইউনিয়নের খেলোয়াড় মহসিন গাজী, সোহেল গাজী, রিয়াদ মিয়া, বাদল খাঁন, রাজু পাটওয়ারী, আবু সুফিয়ান, হেলাল, আলাউদ্দিন ইল্শেপাড়কে জানান, চেয়ারম্যান সাহেব কি কারণে আমাদের নিয়ে খেলার মাঠে যাননি তা জানি না। তবে খেলায় জয়-পরাজয় থাকেই, কিন্তু খেলায় অংশগ্রহণ করতে না পেরে আমরা খেলোয়াড়রা সবাই হতাশ এবং চেয়ারম্যানের প্রতি আমাদের মনে ক্ষোভ রয়েছে।
এ বিষয়ে খেলায় সার্বিক সহায়তাকারী মো. দুলাল মিয়া জানান, ওয়ার্ডওয়ারী খেলার সময় আমি ১০ হাজার টাকা দিয়েছি খেলোয়াড়দের পুরস্কার প্রদানের জন্য। কিন্তু সেসময় ঠিকমত খেলোয়াড়দের পুরস্কার প্রদান করা হয়নি। এ খেলায় কি কারণে চেয়ারম্যান খান জাহান কালু অংশগ্রহণ করার জন্য খেলোয়াড়দের মাঠে নেননি জানি না। যদি কোনো সহযোগিতার প্রয়োজন হতো তাহলে আমরা ইউনিয়নবাসী সবাই সহযোগিতা করতাম।
নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে বলেন, এই ঘটনায় এলাকার মানুষ চেয়ারম্যানকে নানা কটূক্তি করেন। এ ব্যাপারে চেয়ারম্যানের কাছে জানতে চেয়ে তাকে ফোন করলে মোবাইল বন্ধ পাওয়া যায়।