
স্টাফ রিপোর্টার
ঢাকা-চাঁদপুর নৌপথে চলাচলকারী আব-এ জমজম লঞ্চ থেকে এক যাত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গত শনিবার দিবাগত রাতে লঞ্চ থেকে ওই লাশটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।
জানা যায়, চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ব্রাহ্মণসাখুয়া গ্রামের মজুমদার বাড়ির শাহআলম মজুমদারের ছেলে রিক্সাচালক মামুন মজুমদার (৪৫) ঢাকায় গত রোববার কাজের সন্ধানে গিয়েছিল। ঢাকায় গিয়ে মামুন মজুমদার অসুস্থ হয়ে পড়ে। তাকে ২ দিন হাসপাতালে থাকতে হয়েছিল। গত শনিবার কিছুটা সুস্থ হলে হাসপাতাল থেকে নিজ গ্রাম চাঁদপুরের উদ্দেশে আসার জন্য আব-এ জমজম লঞ্চে উঠেন। তিনি লঞ্চে নিচতলায় বিছানা করে শুয়ে পড়েন। রাত সাড়ে ১১টায় ঢাকা সদর ঘাট থেকে চাঁদপুরের উদ্দেশে ছাড়া হলে এর কিছু সময় পর লঞ্চের যাত্রী ও স্টাফরা মামুন মজুমদারকে মৃত অবস্থায় দেখতে পান।
লঞ্চটি চাঁদপুরকে ঘাটে ভিড়লে রাত সাড়ে ৩টায় চাঁদপুর নৌ-থানা পুলিশকে জানানো হয়। নৌ-থানা থেকে চাঁদপুর মডেল থানা পুলিশকে বিষয়টি জানানো হলে মডেল থানার উপ-পরিদর্শক সাদেকুর রহমান গতকাল রোববার সকালে লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করেন।
ঢাকা থেকে মামুনের সহকর্মীরা মোবাইলে তার স্ত্রী ফাতেমা বেগমকে মামুনকে চাঁদপুরের পাঠানোর বিষয়টি জানান। ফাতেমা বেগম সকাল হয়ে গেলে স্বামীর কোন সন্ধান না পেয়ে চাঁদপুর লঞ্চ ঘাটে ছুটে আসেন। সেখানে এসে লঞ্চে একটি লোকের মৃত্যুর বিষয়টি জানতে পারেন। লঞ্চ কর্তৃপক্ষ ফাতেমা বেগমকে মোবাইলে লাশের ছবি দেখালে তিনি মামুন মজুমদারের লাশটি সনাক্ত করেন। আব-এ জমজম লঞ্চ কর্তৃপক্ষ লাশ দাফনের জন্য ফাতেমা বেগমকে আর্থিক সহায়তা প্রদান করেছেন।
০৭ অক্টোবর, ২০১৯।
