আ.লীগের ২২তম সম্মেলন অনুষ্ঠিত

আঘাত আসবে, মোকাবিলা করেই এগিয়ে যেতে হবে
……….প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ইলশেপাড় ডেস্ক
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, আঘাত আসবে, ষড়যন্ত্র হবে, আওয়ামী লীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে সেগুলো মোকাবিলা করেই এগিয়ে যাবে- এটাই আমার চাওয়া। বাংলাদেশ আর পিছিয়ে যাবে না, বাংলাদেশ এগিয়ে যাবে। জাতির পিতার স্বপ্ন আমরা পূরণ করব ইন্শাআল্লাহ।
শনিবার (২৪ ডিসেম্বর) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২২তম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগের ইতিহাস সংগ্রামের ইতিহাস। আমরা এদেশ স্বাধীন করেছি, সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছি। আওয়ামী লীগই পারে দেশকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে। আজ এটুকু বলতে পারি, বাংলাদেশের কোনো মানুষ অভুক্ত থাকে না। তাই পিতাকে (জাতির পিতা) বলতে পারি, পিতা কথা দিলাম আপনার জনগণ কখনো অভুক্ত থাকবে না, আপনার জনগণ কষ্টে থাকবে না। আপনি আজ নেই, আপনার আদর্শ আছে। আওয়ামী লীগ মানুষকে সুন্দর জীবন দেবে, বাংলাদেশ এগিয়ে যাবে, আমরা সেভাবেই এই দেশ পরিচালনা করব।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। আরও এগিয়ে যেতে যার যতটুকু জমি আছে তাতে চাষাবাদ করুন, খাদ্য উৎপাদন করুন। আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছি। আমাদের উৎপাদন আরও বাড়াতে হবে, আমাদেরটা আমরাই খাব, অন্যদের ওপর যেন নির্ভর করতে না হয়। জাতির পিতা বলেছেন, ‘আমাদের মাটি আছে, মানুষ আছে, তা দিয়েই দেশ গড়ব। আমরাও সেই নীতিতে বিশ্বাস করি। আওয়ামী লীগের নেতাকর্মীরা সব ধরনের দুর্যোগে মানুষের পাশে দাঁড়ায়, এটাই আওয়ামী লীগ, এটাই আওয়ামী লীগের শিক্ষা।
করোনাকালের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, কোভিডকালীন সময়ে আমাদের অর্থনীতির চাকা সচল রাখার জন্য এক লাখ ৮৭ হাজার ৬৮৯ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ দিয়েছি। নগদ অর্থ সহযোগিতা দিয়েছি প্রায় ৫০ লাখ মানুষকে। রপ্তানি শিল্পকে বিশেষ প্রণোদনের আওতায় এনেছি। আমাদের ২৮টি প্রণোদনা প্যাকেজে সাত কোটি ৫৮ লাখ ৩৭ হাজার ৭৯১ জন প্রণোদনা পেয়েছে। দুই লাখ ১৬ হাজার ৬৭টি প্রতিষ্ঠান এর সুবিধা পেয়েছে। ৩৩৩ নম্বরে কল করলে ঘরে খাবার পৌঁছে গেছে।
তিনি বলেন, আমরা সবসময় চাই বাংলাদেশ এগিয়ে যাক। বর্তমানে স্বাক্ষরতার হার ৭৫.২ শতাংশে উন্নীত করতে পেরেছি। জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করা, বিনামূল্যে বই, শিক্ষার মান যেন ভালো হয়, দক্ষ জনশক্তি যেন তৈরি হয় সেজন্য আমরা কাজ করে যাচ্ছি। প্রতিটি উপজেলায় সরকারি স্কুল কলেজ স্থাপন করেছি। জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ আমরা করে দিচ্ছি।
সরকারপ্রধান বলেন, আমাদের ডিজিটাল বাংলাদেশ ২০২১ সালে করার কথা ছিল, আমরা সেটা করতে পেরেছি। প্রতিটি ইউনিয়ন, উপজেলায় অপটিক্যাল ফাইবার, ব্রডব্যান্ড স্থাপন করা হবে। এরইমধ্যে প্রায় ২৬০০ ইউনিয়নে, ১০০০ থানায় ব্রডব্যান্ড ইন্টারনেট পৌঁছে দিতে পেরেছি। গ্রাম পর্যায় পর্যন্ত আমরা কানেকটিভিটি নিয়ে যাব। ১৮ কোটি ১৭ লাখ মোবাইল সিম আমাদের ব্যবহার হয়। প্রায় ১২ কোটি ৬২ লাখ মানুষ ইন্টারনেট ব্যবহার করছেন। ৮ হাজার ডিজিটাল সেন্টার সেবা দিচ্ছে, ৫৫০০ ডাকঘরকে আমরা ডিজিটাল সেন্টারে রূপান্তর করেছি। চতুর্থ শিল্প বিপ্লবের যে আওয়াজ আমরা শুনতে পাচ্ছি তার উপযুক্ত দক্ষ জনশক্তি যেন আমাদের গড়ে ওঠে সে লক্ষ্যে আমরা কাজ করছি। স্মার্ট বাংলাদেশ গড়তে আমরা সব আয়োজন করছি।
তিনি বলেন, ২০৪১ সালে যে স্মার্ট বাংলাদেশ হবে তার জন্য যা যা করণীয় সেগুলো আমরা করে যাচ্ছি। এমন একটি বাংলাদেশ হবে যেখানে সবাই স্মার্ট হবে। তারা সবকিছু অনলাইনে করতে শিখবে। অনলাইনের ব্যবহার করতে পারবে। আমাদের ইকোনোমি, সেটাও হবে ই-ইকোনমি। স্মার্ট বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থাপনা সম্পূর্ণ যেন ডিজিটাল ডিভাইসের মাধ্যমে হয়। আমাদের শিক্ষা, স্বাস্থ্য সবকিছুই হবে স্মার্ট। এভাবে আমদের প্রতিটি ক্ষেত্রে ডিজিটাল ডিভাইস ব্যবহার করা হবে। আমরা আশা করি ২০৪১ সালের মধ্যে তা করতে সক্ষম হব। সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের তরুণ প্রজন্ম যত বেশি ডিজিটাল ডিভাইস ব্যবহার শিখবে, তত দ্রুত আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারব।
আ.লীগের নতুন কমিটিতে স্থান পেলেন যারা : আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। আর সাধারণ সম্পাদক হিসেবে হ্যাটট্রিক করেছেন ওবায়দুল কাদের।
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলটির ২২তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় পর্বে তাদের নাম ঘোষণা করেন দলের উপদেষ্টা পরিষদের সদস্য ও নতুন নেতৃত্ব নির্বাচনের নির্বাচন কমিশনার ইউসুফ হোসেন হুমায়ুন। ভোটে পাস হওয়ার পর পৃথকভাবে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনার ইউসুফ হোসেন হুমায়ুন। পরে কমিটির বিভিন্ন সদস্যের নাম ঘোষণা করেন সভাপতি শেখ হাসিনা।
আওয়ামী লীগের নতুন কমিটিতে আরও যারা স্থান পেয়েছেন- সভাপতিমণ্ডলীর সদস্য হয়েছেন- বেগম মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফর উল্লাহ, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, পীযুষ কান্তি ভট্টাচার্য, মোস্তফা জালাল মহিউদ্দিন, ড. মো. আব্দুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, এএইচএম খায়রুজ্জামান লিটন, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, অ্যাড. কামরুল ইসলাম ও সিমিন হোসেন রিমি।
যুগ্ম-সাধারণ সম্পাদক হয়েছেন- ড. হাছান মাহমুদ, মাহবুব-উল আলম হানিফ, আফম বাহাউদ্দিন নাছিম ও ডা. দীপু মনি, কোষাধ্যক্ষ হয়েছেন এইচএন আশিকুর রহমান, অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. নজিবুল্লাহ হিরু, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বডুয়া, ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাড. সিরাজুল মোস্তফা, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর, মহিলা বিষয়ক সম্পাদক জাহানারা বেগম, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাড. মৃণাল কান্তি দাস, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. সিদ্দিকুর রহমান, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, এসএম কামাল হোসেন, মির্জা আজম, অ্যাড. আফজাল হোসেন, শফিউল আলম চৌধুরী নাদেল ও সুজিত রায় নন্দী, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান।
সদস্যদের নির্বাচিত করতে প্রেসিডিয়াম সভায় নির্বাচনের আয়োজন করা হবে। এছাড়া ৮১ সদস্যের কমিটির অপর সদস্যদের নাম ধীরে ধীরে ঘোষণা করা হবে।

২৫ ডিসেম্বর, ২০২২।