এক অন্য রকম জিল্লুর রহমান জুয়েল

সজীব খান
চাঁদপুর পৌরসভার নতুন মেয়র, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক অ্যাড. জিল্লুর রহমান জুয়েল পৌরসভার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার দ্বিতীয় কর্মদিবসে অন্যরকমভাবে দেখা গেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে জোহরের নামাজ আদায় শেষে পৌরসভার নিচতলায় এসে তিনি নিম্নআয়ের মানুষের সাথে কুশল বিনিময় করেছেন, তাদের খোঁজ-খবর নিয়েছেন। সব ভেদাভেদ ভুলে তাদের হাতে হাত মিলিয়ে উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করে প্রশংসায় ভেসেছেন। এ এক অন্য রকম জুয়েলকে পৌর অভিভাবক হিসেবে চাঁদপুরবাসী দেখতে শুরু করেছে।
নির্বাচনের আগে নবনির্বাচিত মেয়র জিল্লুর রহমান জুয়েল ঘোষণা করেছিলেন, চাঁদপুর পৌরসভা হবে সবার, আমজনতার। পৌরসভায় এসে মানুষ যাতে হয়রানি না হয়, সেদিকে খেয়াল রাখা হবে। শতভাগ নাগরিক সেবা প্রদান করাই হবে তার একমাত্র লক্ষ্য। তরুণ এ মেয়র যেন পৌরসভার দায়িত্ব নিয়েই শুরুতে চাঁদপুরের সর্ব শ্রেণির মানুষের প্রশংসায় পঞ্চমুখ হতে যাচ্ছে। যে আশার বাণী শুনিয়ে পৌরসভার সবার মন জয় করে বিপুল ভোটে তিনি নির্বাচিত হয়েছেন, সে প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে তিনি হাটছেন। সকালের সূর্য বলে দেয় দিন কেমন যাবে, তারই বাস্তব প্রমাণ শুরু হয়েছে চাঁদপুর পৌরসভার নতুন দায়িত্ব নেওয়া মেয়রের।
এর আগে দ্বিতীয় কর্ম দিবসে মেয়র জিল্লুর রহমান জুয়েল পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সাথে মিটিং করেছেন। মিটিং শেষে তিনি পৌরসভার সব কক্ষ ঘুরে-ঘুরে সবার সাথে কথা বলেছেন, সমস্যা শুনেছেন, নাগরিকদের সেবা দেওয়ার বিষয়ে পরামর্শ দিয়েছেন। কোন মানুষ যাতে পৌরসভায় এসে হয়রানি না হয়, সেদিকে নজর রাখার জন্য পরামর্শ দিয়েছেন।
জিল্লুর রহমান জুয়েল চাঁদপুর পৌরসভার নির্বাচনের অংশ নিয়ে পৌরবাসীকে যে স্বপ্ন দেখিয়েছেন, তার আলোকে চাঁদপুর পৌরসভার রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট, বিভিন্ন স্থানে স্ট্রিট লাইন স্থাপনসহ নানা প্রতিশ্রুতির বাস্তবায়নের প্রত্যয়ে দ্বিতীয় কর্মদিবস করেছেন। এছাড়া চাঁদপুর পৌরসভার সব সিন্ডিকেট ভেঙে পৌরসভাকে সাঁজানোর যে ঘোষণা দিয়েছেন, সেজন্যই হয়তো দায়িত্ব নেয়ার দ্বিতীয় কর্মদিবসে সবাইকে পরামর্শ দিয়েছেন।
২৮ অক্টোবর, ২০২০।