হাইমচরে পাচারকালে জেলেদের চালসহ আটক ১

সাহেদ হোসেন দিপু
হাইমচর উপজেলার ৫নং হাইমচর ইউনিয়নে জেলেদের চাল পাচারকালে ১৫ বস্তা চালসহ ট্রলার মালিক কিতাব আলীকে আটক করেছে স্থানীয় জনতা। ইউপি চেয়ারম্যান শাহাদাত সরকার কর্তৃক জেলেদের চাল পাচারকালে আটকের সংবাদ পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিগ্যান চাকমা ও মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান আটক চাল এবং নৌকার মালিককে আটক করে উপজেলায় নিয়ে আসেন।
জানা যায়, মঙ্গলবার (২৭ অক্টোবর) হাইমচর ইউনিয়নের সরকারি সিল লাগানে ১৫ বস্তা চাল হাইমচর ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে ট্রলারযোগে পাচারের সময় স্থানীয় জনতা আটক করেন। হাইমচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহাদাত সরকার তার ইউপি সদস্যদের বাড়িতে চাল প্রেরণের জন্য ট্রলারে উঠিয়ে দিয়েছেন এমনটাই জানালেন নৌকার মাঝি কিতাব আলী।
স্থানীয়রা জানান, ইতোপূর্বে কয়েকবারই এভাবেই সরকারি চাল পাচার করেছেন তিনি। এ বিষয়টি নিয়ে এলাকার লোকজনের মাঝে গুঞ্জন শুরু হয়। তারই প্রেক্ষিতে আজ জেলেদের চাল পাচারের সময় হাতেনাতে আটক করা হয়।
এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, ৫নং হাইমচর ইউনিয়ন চেয়ারম্যান শাহাদাত সরকার ট্রলারে করে চাল পাচার করছেন এমন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসারকে জানিয়ে ঘটনাস্থলে এসে জনতা কর্তৃক আটক ১৫ বস্তা চাল উদ্ধার করি। জিজ্ঞাসাবাদের জন্য ট্র্রলার মাঝিকে আটক করে নিয়ে এসেছি।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রিগ্যান চাকমা জানান, জনতার হাতে আটক চালের সংবাদ পেয়ে আটক চাল উদ্ধার করে উপজেলায় নিয়ে আসা হয়েছে। চাল পাচারকারীদের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে।
এ ব্যাপারে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান শাহাদাত সরকারের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার ব্যবহৃত মোবাইলটি বন্ধ পাওয়া গেছে।
২৮ অক্টোবর, ২০২০।