কচুয়ায় হিজরাদের উৎপাত : জনজীবন অতিষ্ঠ

আমির হোসেন:
‘হিজরা’ নাম এখন কচুয়াবাসীর মধ্যে এক ভয়-আতংকের। তাদের উৎপাতে কচুয়ার জনগণ অতিষ্ঠ হয়ে উঠেছে। তাদের ছোবল থেকে নিজেদের রক্ষা করার কোন উপায়ও খুঁজে পাচ্ছে না।
হিজরারা প্রতিনিয়ত হাট-বাজারে ব্যবসায়ীদের সামনে দাঁড়িয়ে অর্থসহ নানা খাদ্য সামগ্রী দাবি করে। অনেক সময় ভদ্রলোকদের সামনে দাঁড়িয়ে ও তারা অর্থ দাবি করে। দাবি না মানলে ব্যবসায়ী ও ভদ্রলোকেরা তাদের কাছ থেকে রেহাই পায় না। তাদের গাল-মন্দ শুনতে হয়। বিশেষ করে বিবাহ অনুষ্ঠানে হামলা দিয়ে তারা লংকা কা- ঘটায়। বর ও কনে পক্ষের নিকট তারা মোটা অংকের অর্থ দাবি করে। তাদের দাবিকৃত অর্থ না পাওয়া পর্যন্ত এমন সব আচরণ ও উৎপাত করে যা বিয়ের আসরে স্বাভাবিক পরিবেশ দারুণভাবে বিনষ্ট করে তোলে।
বিয়ে অনুষ্ঠানে তাদের প্রত্যাশিত অর্থ না পেলে তারা অত্যন্ত বিশ্রী, অশোভনীয় ও লজ্জাজনক আচরণ করে। এতে অনুষ্ঠানে আগত লোকজনদের অত্যন্ত বিব্রতকর অবস্থায় পড়তে হয়। এমনি অবস্থায় বর ও কনে পক্ষ মান সম্মান রক্ষায় তাদের দাবি পূরণ করতে বাধ্য হয়। হিজরাদের এই উৎপাত দমনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য এলাকাবাসী প্রশাসনের সুদৃষ্টি কামনা করছে।