সজীব খান
চাঁদপুর জেলা মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান।
সভায় জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান বলেন, চাঁদপুরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভাল, গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন চাঁদপুরে সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। চাঁদপুরের সব স্থানে কোন প্রকার সহিংসতা ছাড়াই জাতীয় সংসদ নির্বাচন শেষ হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সব শ্রেণি-পেশার মানুষের সার্বিক সহযোগিতায় তা সম্পন্ন করা সম্ভব হয়েছে।
তিনি আরো বলেন, আমাদের সবাইকে মিলেই একটা সুন্দর ও সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে হবে। কোন প্রকার ইভটিজিং ও মাদকের গন্ধ চাঁদপুরে দেখতে চাই না। মাদক নিয়ন্ত্রণে কঠোরভাবে কাজ করা হবে। সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করলে মাদক ও ইভটিজিং নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। মাদক ও ইভটিজিংকারীদের চিহিৃত করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। পুলিশ ক্লিয়ারেন্সের অনিয়মের বিষয়ে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ ড. এ এস এম দেলোয়ার হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এম এ ওয়াদুদ, হাজীগঞ্জ পৌর মেয়র আ স ম মাহবুব-উল-আলম লিপন, স্বাধীনতা পদক প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. বদরুনাহার চৌধুরী, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. শফিকুল ইসলাম, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শহীদ পাটওয়ারী প্রমুখ। এসময় সিভিল সার্জন, নৌ-পুলিশ, পাসপোর্ট অধিদপ্তর, আনসার ও ভিডিপি, পল্লী বিদ্যুৎ সমিতিসহ প্রশাসনের বিভিন্ন সেক্টরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় অন্যান্য বক্তারা বলেন, বাংলাদেশ দ্রুতগতিকে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কের পথে হাঁটছে। বর্তমান সরকার দেশের উন্নয়নে ব্যাপক কাজ করছে। বাংলাদেশের এ উন্নয়নের স্বাধ আমরা সবাই উপভোগ করবো। সব পেশা, সব শ্রেণির মানুষের আন্তরিকতা নিয়েই সুন্দরভাবে আমাদের এগিয়ে যেতে হবে। আওয়ামী লীগ সরকারের অনেক দক্ষ ও যোগ্য মন্ত্রী পরিষদ রয়েছে। তাদের কর্মদক্ষতায় দেশ দ্রুতগতিতে এগিয়ে যাবে।
তারা বলেন, চাঁদপুরে ইতোমধ্যে মেডিকেল কলেজের ক্লাস শুরু হয়েছে। চাঁদপুরের ওয়ালেস পর্যন্ত নদী পাড়ে পর্যটন কেন্দ্র করা হবে। সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। চাঁদপুরে সড়কগুলোকে যানজট মুক্ত করার জন্য কাজ করতে হবে। চাঁদপুরে আধুনিক মানের বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। বর্তমান শিক্ষামন্ত্রীর সাথে এ বিষয়ে কথা বলা হবে। চাঁদপুর থেকে ছাত্র-ছাত্রীরা পাস করে যাতে বিশ্বের নানা স্থানে চাকরি করতে পারে সে মানের বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। যাতে করে আধুনিক বিশ্বের সাথে প্রতিযোগিতায় চাঁদপুরের মানুষে এগিয়ে যেতে পারে।
