
পড়ালেখা ও খেলাধুলার মাধ্যমে জীবনের প্রতিযোগিতা শুরু হয়
…..ভূমি সচিব মাকসুদুর রহমান পাটওয়ারী
এস এম সোহেল
‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ এই শ্লোগানে চাঁদপুরে ৪৮তম গ্রীষ্মকালীন ফুটবল, হ্যান্ডবল, কাবাডি ও সাঁতার প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার বিকেলে চাঁদপুর আউটার স্টেডিয়াম মাঠে জেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. মাকসুদুর রহমান পাটওয়ারী।
তিনি তাঁর বক্তব্যে বলেন, পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি সবদিকে নিজেকে এগিয়ে নিতে হবে। নিজের জীবনকে আলোকিত করতে হবে। মুক্তিযোদ্ধা, শিক্ষক ও মুরব্বীদের সম্মান করতে হবে।
তিনি আরো বলেন, তোমরা কোন কোচিংয়ের দিকে মন দিবে না। আমরা কোচিং চাই না এই আওয়াজ তোমাদের তুলতে হবে। জীবনে বড় কিছু হতে হলে পড়ালেখা করতে হবে। পড়ালেখা ও খেলাধুলার মাধ্যমে জীবনের প্রতিযোগিতা শুরু হয়। অন্যের প্রতি সম্মান তৈরি হয়। এর মাধ্যমেই অনেক দূর এগিয়ে যাওয়া যায়।
জেলা শিক্ষা অফিসার মো. সফিউদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ জামাল হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মো. আফজাল হোসেন।
জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা মো. মাসুদুল আলম ভূঁইয়ার পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুন্নাহার, মো. উজ্জল হোসেন, গনি মডেল উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি মোস্তাক হায়দার চৌধুরী, হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন, আক্কাছ আলী রেলওয়ে একাডেমীর প্রধান শিক্ষক গোফরান হোসেন, পুরাণবাজার মধুসূদন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গনেশ দাশ, নূরিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের তপাদার, চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মুকবুল আহমেদ, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল প্রমুখ।
বক্তব্য শেষে বিভিন্ন ইভেন্টের বিজয়ী শিক্ষার্থীদের মাঝে ৮৬টি পুরস্কার প্রদান করেন অতিথিরা।
১৭ সেপ্টেম্বর, ২০১৯।
