চাঁদপুর রেড ক্রিসেন্ট হাসপাতাল আবারো চালুর চেষ্টা চলছে –আলহাজ ওচমান গনি পাটওয়ারী

সিবিডিএম প্রকল্পের উপকারভোগী ৫০টি পরিবারকে গাছ বিক্রির অনুদান প্রদান করেন চাঁদপুর জেলা পরিষদ ও রেড ক্রিসেন্টের চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী। -ইল্শেপাড়

স্টাফ রিপোর্টার :
চাঁদপুর জেলা পরিষদ ও চাঁদপুর রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী বলেছেন, মাদক, ইভিজিটিং, জঙ্গিবাদ, সন্ত্রাস থেকে তরুণ ও যুব সমাজকে দূরে রাখতে সারা জেলায় যুব রেড ক্রিসেন্টের কার্যক্রম আরো গতিশীল করা হবে। সেবা জনকল্যাণমূলক কাজে তরুণ ও যুব সমাজ যত বেশি জড়িত থাকবে মাদকসহ অন্যান্য অসামাজিক কার্যকলাপ থেকে ততই দূরে থাকবে তারা। তিনি বলেন, দরিদ্র মা ও নবজাতকদের স্বাস্থ্যসেবা দেয়ার লক্ষ্যে পুরানবাজারস্থ চাঁদপুর রেড ক্রিসেন্ট হাসপাতাল আবারো চাঁদপুর ইউনিটের ব্যবস্থাপনায় পূর্ণাঙ্গরূপে চালুর প্রচেষ্টা চলছে। জাতীয় কমিটির অনুমোদন পেলে দ্রুত হাসপাতালটি নবরূপে চালু করা যাবে।
তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদপুর রেড ক্রিসেন্টের নবনির্বাচিত কমিটির প্রথম সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। চাঁদপুর রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী এমএ মাসুদ ভূঁইয়ার পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন ইউনিট কার্যকরী কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ জাহাঙ্গীর আখন্দ সেলিম, সদস্য সুভাষ চন্দ্র রায়, শহীদুল্লাহ মাস্টার, মোহাম্মদ আলী জিন্নাহ, আবুল কালাম পাটওয়ারী, আবু নাছের বাচ্চু পাটওয়ারী, বেলায়েত হোসেন বিল্লাল, রেহানা আক্তার প্রমুখ।
এর আগে সিবিডিএম প্রকল্পের আনন্দ বাজার-২ প্রকল্পের উপকারভোগী ৫০ জনকে গাছ বিক্রির অনুদান প্রদান করা হয়।