হত্যার অভিযোগ স্বজনদের
মতলব উত্তর ব্যুরো
সাজেদা বেগম (৭০) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে মতলব উত্তর থানা পুলিশ। এসআই আব্দুল আউয়াল ও এসআই মনিরুল ইসলাম বুধবার (১ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টায় মতলব
উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের চরপুটিয়ার বাড়ি থেকে ওই বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে লাশ পাঠানো হয়।
নিহত বৃদ্ধার মেয়ে আসমা বেগম (৩৫) জানান, তার মাকে শাহজালাল গংরা পরিকল্পিতভাবে হত্যা করেছে। নিহত সাজেদা বেগম মতলব উত্তর উপজেলার ফরাজিকান্দী ইউনিয়নের চরপুটিয়া গ্রামের শুক্কুর আলী প্রধানের স্ত্রী।
নিহতের মেয়ে আসমা বেগম বলেন, চরপুটিয়া গ্রামের আলকাছের ছেলে শাহজালাল ও ইউনুছ, একই গ্রামের আনোয়ার হোসেন ও তার স্ত্রী রেহেনা বেগমসহ কয়েকজন মিলে পূর্বপরিকল্পিতভাবে আমার মাকে হত্যা করেছে।
আসমা বেগম সাংবাদিকদের আরো জানান, মঙ্গলবার দুপুরে আমার মাকে বাড়িতে দিয়ে আসি। পরদিন সকাল ৭টার সময় আমার মার খোঁজ-খবর নেওয়ার জন্য আমার চাচাতো বোন পারভীনের মোবাইলে ফোন দিয়ে আমার মার কাছে দেওয়ার জন্য বলি। পারভিন আমাদের ঘরের সামনে গিয়ে দরজা বন্ধ দেখে এবং একটি জানালা ভাঙ্গা দেখে জানালা দিয়ে ঘরে ঢুকে আমার মাকে বস্ত্রহীন অবস্থায় ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে। তাৎক্ষণিক পুলিশকে খবর দেই।
এসআই আবদুল আউয়াল বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা নেয়া হয়েছে।
এ ব্যাপারে মতলব উত্তর থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, নিহত বৃদ্ধার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে।
০২ সেপ্টেম্বর, ২০২১।
