
স্টাফ রিপোর্টার
মা ইলিশ রক্ষায় চাঁদপুর নৌ-পুলিশ নদীতে অভিযান করেছে। গতকাল শনিবার দুপুর ১২টায় চাঁদপুর লঞ্চ টার্মিনাল থেকে হাইমচরের চরভৈরবী পর্যন্ত প্রায় কয়েক ঘণ্টার এ অভিযানে ৩টি জেলে নৌকা, কারেন্ট জাল ও কিছু মা ইলিশ জব্দ করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন চাঁদপুর নৌ-পুলিশের পুলিশ সুপার মো. জমশের আলী, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ইসমাইল মিয়া, চাঁদপুর নৌ-থানার অফিসার ইনচার্জ মো. আবু তাহের খান, হরিণা নৌ-ফাঁড়ির ইনচার্জ হাসনাত জামানসহ নৌ-পুলিশ সদস্যরা।
অভিযানে জেলেপাড়ায় সচেতনতামূলক বক্তব্যে চাঁদপুর নৌ-পুলিশ সুপার জমশের আলী বলেন, ৯ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত এই ২২ দিন চাঁদপুর নৌ-পুলিশের অভিযান মা ইলিশ রক্ষায় অব্যাহত রয়েছে। আমরা নদীর পাড় এলাকার জেলে পল্লীর মানুষদের জানাতে চাই, মা ইলিশ ডিম পাড়ার সময় সীমা শেষ হলে নদীতে আপনারাই ইলিশ আহরণ করবেন। এখানে অন্য কেউ ইলিশ আহরণ করতে আসবে না। তাই ডিম ছাড়ার মৌসুম শেষ হওয়ার পর জেলেরা নদীতে নামবেন। সরকার আপনাদের এই ২২ দিনের জন্য পুনর্বাসন দিয়ে যাচ্ছে। যেসব অসাধু জেলে নিষেধাজ্ঞা অমান্য করে এই ২২ দিনের মধ্যে নদীতে নামবে আমরা তাদের ধরে আইনের আওতায় নিয়ে আসব।
অভিযানের আগে ইলিশ রক্ষায় নৌযানে (লঞ্চ) ফিতা কেটে এর উদ্বোধন করেন নৌ-পুলিশ সুপার মো. জমশের আলী।
১৩ অক্টোবর, ২০১৯।
