স্টাফ রিপোর্টার
মতলব উত্তর উপজেলা নিবাসী ও মুক্তিযোদ্ধাকালীন স্বাধীন বাংলা ফুটবল দলের নিয়মিত সদস্য নওসেরুজ্জামান ইন্তেকাল করেছেন ( ইন্না..রাজেউন )। তিনি সোমবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মারা যান। মঙ্গলবার সন্ধায় জানাজা শেষে তার পৈত্রিক বাড়ি মতলব উত্তর উপজেলায় তাকে দাফন করা হয়।
নওসেরুজ্জামান চাঁদপুর জেলা ফুটবল দলের নিয়মিত খেলোয়াড় হিসেবে জেলা দলের হয়ে অনেক স্থানেই খেলেছেন। তিনি চাঁদপুর মোহামেডান স্পোর্টিং ক্লাব ও পূর্ব শ্রীরামদী ক্লাবের হয়ে ফুটবল খেলেছেন।
সাবেক বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় ও চাঁদপুর জেলা ফুটবল দলের সদস্য ও মতলব উত্তর উপজেলা নিবাসী নওসেরুজ্জামান এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা। এক শোক বার্তায় জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মাজেদুর রহমান, সহ-সভাপতি পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুসহ কার্যকরী কমিটির সদস্যরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
২৩ সেপ্টেম্বর, ২০২০।
