হাইমচরে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন


সাহেদ হোসেন দিপু
হাইমচরে জাতীয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) এর ফাইনাল খেলা পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে।
গতকাল বুধবার সন্ধ্যা ৬টায় দুর্গাপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী। তিনি বলেন, যুব সমাজকে মাদক ও অন্যায় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা শরীর ও মন ভালো রাখার পাশাপাশি একজন মানুষকে শৃংখলা ও আদর্শের মধ্যে আনতে সহযোগিতা করে। তাই যুব সমাজকে বিভিন্ন কাজকর্মের পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে এগিয়ে আসতে হবে।
উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌসী বেগমের সভাপতিত্বে এবং হাইমচর সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোখলেছুর রহমান মুকুলের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এসএম কবির, হাইমচর থানার অফিসার ইনচার্জ মো. জহিরুল ইসলাম খান, মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম মীর হোসেন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. আ. রহমান প্রমুখ।
ফাইনাল খেলায় আলগী উত্তর ইউনিয়ন ফুটবল একাদশ ও আলগী দক্ষিণ ইউনিয়ন ফুটবল একাদশ অংশ নেয়। চূড়ান্ত লড়াইয়ে ট্রাইবেকারের মাধ্যমে আলগী দক্ষিণ ইউনিয়ন ফুটবল একাদশ জয়লাভ করে। পরে বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন। খেলা পরিচালনা করেন ক্রীড়াবিদ হাসান আল মামুন, মো. সবুজ ও আরিফ হোসেন।

১২ সেপ্টেম্বর, ২০১৯।