হাজীগঞ্জে ছাত্রীকে উত্যক্তের দায়ে শিক্ষক জেলহাজতে


মোহাম্মদ হাবীব উল্যাহ
হাজীগঞ্জে নবম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীকে উত্যক্ত করায় মো. ফখরুদ্দিন (২৫) নামের এক শিক্ষককে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে পৌরসভাধীন মকিমাবাদ নামক এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি কচুয়া উপজেলার আটঘোর গ্রামের মিয়াজী বাড়ীর মফিজুল ইসলামের ছেলে।
উত্যক্তের শিকার ওই ছাত্রী সাচার বহুমূখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। তার গৃহশিক্ষক ছিলেন আটক ঐ শিক্ষক। তাকে উত্যক্ত করায় তার পরিবার সম্প্রতি কচুয়া থেকে হাজীগঞ্জ উপজেলায় বোনের বাড়িতে পাঠায়। কিন্তু এখানে এসেও ওই শিক্ষক ছাত্রীকে নিয়মিত উত্যক্ত করেন বলে ছাত্রীর পরিবারের অভিযোগ।
ছাত্রীর পরিবারিক সূত্রে জানা গেছে, ছাত্রীকে বাড়িতে পড়ানো অবস্থায় নিয়মিত উত্যক্ত করতেন ফখরুদ্দিন। পরে তার কাছে প্রাইভেট পড়া বন্ধ করে দেয়া হয়। এরপর বিদ্যালয়ে যাওয়ার পথে তিনি উত্যক্ত করতেন ছাত্রীকে। পরবর্তীতে কচুয়া থেকে হাজীগঞ্জে নিয়ে আসা হয়। কিন্তু কচুয়া থেকে হাজীগঞ্জ এসেও তিনি ছাত্রীকে উত্যক্ত শুরু করেন।
গতকাল সোমবার তিনি (ফখরুদ্দন) উত্যক্ত করতে হাজীগঞ্জের মকিমাবাদে আসেন। যার ফলে ওই শিক্ষকের বিরুদ্ধে সোমবার হাজীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন ছাত্রীর পরিবার। এরপর পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি বলেন, অভিযোগের ভিত্তিতে ফখরুদ্দিন নামের একজন গৃহ শিক্ষককে আটক করে আদালতে পাঠানো হয়। আদালত তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করে।

১৫ অক্টোবর, ২০১৯।