হাজীগঞ্জে হামদ্-নাত, কেরাত ও আজান প্রতিযোগিতা

মহান বিজয় দিবস উপলক্ষে শিশু-কিশোরদের

এসএম চিশতী :
মহান বিজয় দিবস উপলক্ষে হাজীগঞ্জে হামদ্-নাত, কেরাত ও আজান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার পৌরসভাধীন ৭নং ওয়ার্ড টোরাগড় উত্তর পাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আসম-মাহবুব উল আলম লিপন।
টোরাগড় উত্তর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে আয়োজিত অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, শিশু-কিশোরদের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস উপস্থাপন করতে হবে। অতীতকে ভুলে কেউ সামনে এগিয়ে যেতে পারে না। তাই সঠিক ইতিহাস উপস্থাপনের মাধ্যমে এবং মুক্তিযুদ্ধের প্রেরণা ও শক্তিকে কাজে লাগিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। তিনি প্রতিযোগিতা আয়োজনকারীদের প্রশংসা করে বলেন, এ ধরনের ব্যতিক্রম আয়োজন শিশু-কিশোরদের ইসলামী মূল্যবোধ সৃষ্টি এবং তাদের দেশপ্রেমে উজ্জীবিত করবে।
পৌর ৭নং ওয়ার্ড কাউন্সিলর এমরান হোসেন মুন্সীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রতিযোগিতার বিচারক মাও. মো. ইউছুফ, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ কাজী কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক আহসান উল্যাহ্ মৃধা, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি কবির হোসেন মজুমদার প্রমুখ।
মো. মাইনুদ্দিন মাইনুর পরিচালনায় প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন মাও. মো. সেলিম উল্যাহ্ সেলিম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী মনির হোসেন, ইব্রাহিম মিজি। অনুষ্ঠান পরিচালনা প্রতিযোগিতার আয়োজক জসিম উদ্দিন, গাজী মিয়া, কাউছার হোসেন, মো. সবুজ, মাসুদ মিজি, মো. আলমগীর হোসেন প্রমুখ।