চট্টগ্রাম প্রতিনিধি : ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতাভিত্তিক স্যাটেলাইট চ্যানেল জি বাংলার জনপ্রিয় রিয়ালিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার’। দুই বাংলার মানুষের কাছে শোটি জনপ্রিয়তা পেয়েছে।
সিজন ৯-এ মীরাক্কেলের মঞ্চ কাঁপাচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র ইয়াকুব রাসেল। সবশেষ শনিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায় মীরাক্কেলের মঞ্চে পারফর্ম করেন রাসেল। প্রশংসা কুড়ান বিচারকদের।
গত বছরের ১০ ডিসেম্বর শুরু হওয়া মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জারের সিজন-৯-এ ৩৫ জন কৌতুক অভিনেতা অংশগ্রহণ করেছেন। এর মধ্যে নয়জন বাংলাদেশি। জনপ্রিয় উপস্থাপক মীরের উপস্থাপনায় অনুষ্ঠানটিতে বিচারকের আসনে রয়েছেন অভিনেতা রজতাভ দত্ত, শ্রীলেখা মিত্র ও পরাণ বন্দ্যোপাধ্যায়। শোটি পরিচালনা করছেন শুভঙ্কর চট্টোপাধ্যায়। কৌতুক আর হাসিঠাট্টায় পরিপূর্ণ এই রিয়ালিটি শোর মঞ্চে চট্টগ্রামের প্রতিযোগী হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইয়াকুব রাসেল ইতিমধ্যে তার মেধা ও সৃষ্টিশীলতার স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছেন।
ইয়াকুব রাসেল মীরাক্কেলে ভালো পারফরম্যান্স করে তিনি চট্টগ্রাম ও বাংলাদেশের সুনাম ছড়িয়ে দিতে চান। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক-শিক্ষার্থীসহ সবার কাছে দোয়া চেয়েছেন। ইয়াকুব রাসেল বলেন, ‘আমি আমার দেশের মান রাখতে চাই। শনিবার রাতে প্রথম পারফরম্যান্সের পর ধারাবাহিকভাবে চলবে আমার পারফর্ম। মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জারে যেন আমি ভালো করতে পারি সে জন্য আমার শ্রদ্ধেয় শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের সহপাঠী, বড় ভাই-বোন, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্ক্ষীসহ সবার কাছে দোয়া চাই।
