কচুয়ায় পরিবার কল্যাণ বিভাগের প্রেস ব্রিফিং

সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে

আমির হোসেন :
কচুয়ায় পরিবার কল্যাণ বিভাগের সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন উপলক্ষে এ্যাডভোকেসি সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় কচুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কমপ্লেক্সে মিলনায়তনে কচুয়া প্রেসক্লাবের সভাপতি প্রিয়তোষ পোদ্দারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মানিক ভৌমিকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালমা শহিদ। প্রেস ব্রিফিং করেন কচুয়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মোস্তফা।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদ দর্জি, আবাসিক মেডিকেল অফিসার কবির হোসেন, ইউপি চেয়ারম্যান ওসমান গনি মোল্লা, সাংবাদিক আবুল হোসেন, রাকিবুল হাসান ও আমির হোসেন, পরিবার পরিকল্পনা পরিদর্শক সমীর চন্দ্র রায়, এনজিও সূর্যের হাসি ক্লিনিকের কর্মকর্তা মনিরুল ইসলাম প্রমুখ।
এবারের সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন উপলক্ষে কচুয়া উপজেলা পরিবার পরিকল্পনা অফিস কর্তৃক গৃহীত পদক্ষেপসমূহ হচ্ছে- কর্মপরিকল্পনা গ্রহণ করা, নীবিড় ও নিরবিচ্ছিন্ন সেবা প্রদানের লক্ষ্যে সেবা সপ্তাহের সময়কালে সব পর্যায়ের কর্মচারীদের সব প্রকারের ছুটি বাতিল করা হয়, উপজেলা পর্যায়ে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া ব্যক্তিবর্গ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, স্থানীয় ব্যক্তিবর্গের সমন্বয়ে এ্যাডভোকেসি সভা ও প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা, বিভিন্ন শ্লোগান সমৃদ্ধ ও কার্যক্রম উল্লেখ করে পোস্টার, লিফলেট, ব্যানারসহ অন্যান্য প্রচার সামগ্রী বিভিন্ন স্তরের সেবা কেন্দ্রে বিতরণ ও প্রচার, ক্যাম্প অনুষ্ঠিত সব সেবা কেন্দ্রের দর্শনীয় স্থানে সেবা উল্লেখপূর্বক ব্যানার জনগণের সেবা প্রাপ্তির সুযোগ সৃষ্টির জন্য প্রদর্শনের ব্যবস্থা, ইউনিয়ন পর্যায়ে পরিবার-পরিকল্পনার স্থায়ী ও দীর্ঘমেয়াদী পদ্ধতির বিশেষ ক্যাম্পের আয়োজন, প্রসব পরবর্তী পদ্ধতি গ্রহিতার সংখ্যা বৃদ্ধিকল্পে বিশেষ উদ্যোগ গ্রহণ এবং মাঠ পর্যায়ে কার্যক্রমের মনিটরিং ও উপজেলা পর্যায়ে ৪ জনের সমন্বয়ে বিশেষ টিম গঠন।