মতলব উত্তরে ইসলামী ব্যাংকের ২০তম এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন

মতলব উত্তর উপজেলার এনায়েতনগর সাহেব বাজারে ইসলামী ব্যাংকে এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করেন ব্যাংকের পরিচালক মো. সাইফুল ইসলাম। -ইলশেপাড়

মনিরুল ইসলাম মনির :
ইসলামী ব্যাংকের পরিচালক মো. সাইফুল ইসলাম বলেছেন, প্রতিটি মানুষেরই সঞ্চয়ের করার অভ্যাস করা উচিত, সেটা যে পরিমাণ হোক না কেন। ইসলামী ব্যাংকের প্রতি মানুষের এত যে আসক্ত, তা আগে জানতাম না। টাকা ব্যাংকে থাকলে নিজেকে শক্তিশালী মনে হয়। এ শাখা চালু হওয়ায় এই প্রত্যন্ত অঞ্চলের মানুষের ভোগান্তি ও কষ্ট লাঘব হবে। ইসলামী ব্যাংক ন্যায়, নীতি ও শরীয়াহর আলোকে পরিচালিত হয়। নিয়ন্ত্রণকারী সকল সংস্থা ও দেশের সকল নিয়ম-নীতি যথাযথ পরিপালনের মাধ্যমে ইসলামী ব্যাংক দেশের সর্ববৃহৎ ব্যাংক।
মতলব উত্তর উপজেলার এনায়েতনগর সাহেব বাজারে গতকাল রোববার সকাল ১১টায় ইসলামী ব্যাংকের ২০তম এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে সাইফুল ইসলাম বলেন, দেশের আপামর জনগণের আস্থার ফলে ইসলামী ব্যাংক বাংলাদেশের একমাত্র ব্যাংক হিসেবে বিশ্বের শ্রেষ্ঠ এক হাজার ব্যাংকের তালিকায় অন্তর্ভূক্ত হওয়ার মর্যাদা অর্জন করতে পেরেছে। ইসলামী ব্যাংক ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সব মানুষের ব্যাংক।
তিনি আরো বলেন, বিশ্বের রেকর্ড অনুযায়ী ৯৩৭ নম্বরে আছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। র্যাং কিং অনুযায়ী বাংলাদেশের নম্বর ওয়ান ইসলামী ব্যাংক। এটি সম্ভব হয়েছে গ্রাহকের আন্তরিকতা ও সৎ, কর্মঠ কর্মকর্তা/কর্মচারীদের জন্য। এই ব্যাংকটি শুধু আমাদের নয়। ইসলামী ব্যাংক দেশের প্রতিটি মানুষের। তিনি আরো বলেন, দেশের অর্থনীতি উন্নয়নে ইসলামী ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তৈরি পোষাক ও প্রবাসী আয় অর্থাৎ রেমিটেন্স দিয়েও ব্যাংকটি প্রথম স্থানে রয়েছে। শুধু তাই নয় আমাদের যথেষ্ট রিজার্ভ অর্থ রয়েছে। আমরা অন্য ব্যাংকের অর্থ দিয়ে সহযোগিতা করে থাকি। তিনি বলেন, ইসলামী ব্যাংক প্রসারিত হওয়ার পেছনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাপক অবদান রয়েছে। যার বলিষ্ঠ নেতৃত্বে ব্যাংকটির পরিচালনা পর্ষদ নতুন করে গঠিত হয়েছে। এ সময় তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। গ্রাহকরা ব্যাংক শাখার সকল সেবা এজেন্ট ব্যাংকিং শাখায় পাবেন বলে জানান এবং ইসলামী ব্যাংকের সকল কার্যক্রম তুলে ধরেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পপতি আলহাজ এবি মঈন উদ্দিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমদ, ভাইস চেয়ারম্যান আরিফুল ইসলাম সরকার ইমন, ফতেপুর পূর্ব ইউপি চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, সাংবাদিক গোলাম নবী খোকন, সিনিয়র প্রিন্সিপাল অফিসার কাজী মো. ইসমাইল পাভেল প্রমুখ।
কুমিল্লা জোন প্রধান মো. মোশাররফ হোসাইনের সভাপতিত্বে ও জোনাল অফিসার মো. মুজাম্মেল হকের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের মতলব বাজার শাখা ব্যবস্থাপক মো. সাখাওয়াত হোসাইন। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন মতলব শাখার ইউনিট অফিসার মো. মুসলেউদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন এসআই মোস্তফা কামাল, এজেন্ট মেসার্স সরকার এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. মাঈন উদ্দিন সরকার, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক তামজিদ সরকার রিয়াদ, ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইলিয়াছ প্রধান, সহ-সভাপতি শাহাদাত হোসেন, যুবলীগ নেতা মিয়া জামান আসাদ, আ.লীগ নেতা মনির হোসেন প্রমুখ।