ইল্শেপাড় রিপোর্ট
ভয়াবহ যানজটের ভোগান্তিতে পড়েছে চাঁদপুরবাসী। সকাল বা সন্ধ্যা, যখনই চাঁদপুরের প্রধান সড়কে মানুষ রিক্সায় বা হেঁটে চলছে যানজটে থমকে যাচ্ছে তারা। এ থেকে উত্তরণের কোন পথ পাচ্ছে না। এমনকি প্রশাসনের কর্মকর্তা বা পৌর মেয়রকে এ ব্যাপারে কোন ব্যবস্থা নিতেও দেখা যাচ্ছে না। তবে যানজটে চাঁদপুরবাসীর অনেক কর্মঘণ্টা নষ্ট হওয়ায় এ ব্যাপারে প্রশাসন ও সরকার দলীয় ঊর্ধ্বতন নেতৃবৃন্দের এখনই পদক্ষেপ গ্রহণ জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
অনিয়ন্ত্রিত যানবাহন, সরু রাস্তা-ঘাট, ফুটপাত দখল এবং অদক্ষ চালকদের কারণে যানজট সমস্যা চাঁদপুরে প্রকট আকার ধারণ করছে। এতে সীমাহীন ভোগান্তিতে পড়ছে জনসাধারণ। সব থেকে বেশি অসুবিধায় পড়ছে রোগী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও কর্মমুখী মানুষকে।
চাঁদপুর পৌরসভা ও বিআরটিএ’র তথ্যমতে, বর্তমানে চাঁদপুরে লাইসেন্সপ্রাপ্ত সিএনজিচালিত অটোরিক্সা রয়েছে ৭ হাজার, রিক্সা ২ হাজার ৫শ’ এবং ব্যাটারিচালিত অটোবাইক ২ হাজার। কিন্তু এর বাইরে শহরে অবৈধ যান চলে আরো প্রায় ৩০ হাজার। এছাড়া পার্শ^বর্তী জেলা থেকে আসা বিপুল পরিমাণ যানবাহনের ফলে যানজট লেগেই থাকে চাঁদপুরে।
শহরের কালীবাড়ি মোড়, পালবাজার মোড়, নতুনবাজার এলাকা, ছায়াবাণী এলাকা, অনন্যার মোড়, চিত্রলেখার মোড়, কলেজ গেট এলাকা, বিপণীবাগ বাজার এলাকা, বাসস্টেশন এলাকা, ডিসি অফিসের সামনে, ওয়্যারলেস বাজারসহসহ বিভিন্ন স্থানের সড়কে নিয়মিতভাবে লাগছে যানজট।
একদিকে দিন-দিন বৃদ্ধি পাচ্ছে যানবাহন, অপরদিকে অপরিকল্পিত রাস্তাঘাটের কারণে যানবাহনের ধারণক্ষমতা হারাচ্ছে সড়কগুলো। প্রাইভেট কার, ট্রাক, তেলবাহী লড়ি, রিক্সা এবং ছোট-বড় যানবাহন চলাচল বৃদ্ধি পাওয়ায় রাস্তা-ঘাট চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। ফলে পাঁচ মিনিটের রাস্তা পার হতে সময় লেগে যায় কয়েকগুণ বেশি।
একজন কলেজ ছাত্র জানান, শহরে যে পরিমাণে যানবাহন চলাচল করে সে তুলনায় রাস্তা-ঘাট নেই। মাত্রাহীন অবৈধ যানবাহন চলাচলের ফলে প্রতিদিনই যানজট লেগে থাকে শহরের প্রতিটি প্রধান সড়কে। ফলে ছাত্র-ছাত্রীদের স্কুল-কলেজে যাতায়াত করতে ভোগান্তিতে পড়তে হচ্ছে। পাঁচ মিনিটের রাস্তা পাড়ি দিতে লেগে যায় ত্রিশ থেকে চল্লিশ মিনিট। এতে আমরা সঠিক সময়ে পৌঁছতে পারি না। যানজটের কারণে অনেক সময় আমাদের ক্লাস মিস করতে হচ্ছে।
এছাড়া অনিয়ন্ত্রিত যানবাহনের ফলে দিন দিন শহরে যানজট বৃদ্ধি পাচ্ছে। আগে কোন বিশেষ সময়কে সামনে রেখে শহরে যানজট দেখা দিলেও এখন তা নিয়মিত হয়ে পড়ছে। চাঁদপুরে এখন অন্যতম প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে এই যানজট। অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে না আনলে এই সমস্যা আরো প্রকোট হবে বলে তিনি মনে করেন তিনি।
চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র মো. ছিদ্দিকুর রহমান ঢালী জানান, অবৈধ যানবাহনের বিরুদ্ধে চাঁদপুর পৌরসভার উদ্যোগে বিভিন্ন সময় অভিযান চালানো হয়। অবৈধ কোন যানবাহন যেন শহরে ঢুকতে না পারে সে ব্যাপারে আমরা তৎপর রয়েছি। তাছাড়া শহরের যানজট রোধে রাস্তাগুলো প্রশস্ত করা হচ্ছে বলে জানান তিনি।
চাঁদপুর বিআরটিএ’র মোটরযান পরিদর্শক জিয়া উদ্দিন বলেন, চাঁদপুর শহরের যানজট নিরসনে প্রতিনিয়ত অবৈধ যানবাহনের উপর অভিযান পরিচালনা করা হয়। যে পরিমাণে যানবাহন শহরে রয়েছে সে তুলনায় রাস্তাঘাট নেই। তাই অনেক সময় যানজটের সৃষ্টি হয়। লাইসেন্সবিহীন যানবাহন যাতে চাঁদপুরে চলাচল না করতে পারে সেজন্য আমরা নিয়মিতভাবে অভিযান চালিয়ে থাকি।
চাঁদপুরবাসী যানজটের কবল থেকে বাঁচতে চায়। যানজট সমস্যা আরো তীব্র আকার ধারণ করার আগেই এই সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় পদক্ষেপ কামনা করছেন জেলাবাসী। এভাবে চলতে থাকলে ইলিশের শহর চাঁদপুরের বদলে যানজটের শহরে পরিণত হবে চাঁদপুর।
চাঁদপুরের ট্রাফিক ইনেসপেক্টর (টিআই) নাছির উদ্দিন ভূঁইয়া বলেন, চাঁদপুর শহরে অটোরিক্সার সংখ্যা বাড়ছে। যার কারণে প্রতিনিয়ত যানজট হচ্ছে। তাছাড়া ফুটপাতে হকারদের কারণেও যাটজটের সৃষ্টি হচ্ছে। হকারদের স্থায়ীভাবে পুনর্বাসন করে সড়ক থেকে অন্য কোথাও নিয়ে যেতে পারলে যানজট অনেকটা কমে যাবে।
- Home
- প্রথম পাতা
- যানজট ভোগান্তিতে চাঁদপুরবাসী
Post navigation
