মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে পরিত্যক্ত রঙয়ের বালতির পানিতে ডুবে ফারিহা সুলতানা নামের ১৫ মাস বয়সি এক শিশু মারা গেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের সেন্দ্রা গ্রামের জমাদ্দার বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। নিহত ফারিহা সুলতানা ওই বাড়ির আজাদ হোসেনের মেয়ে। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, এক পা দু’পা করে হাঁটতে শুরু করেছে ফারিহা সুলতানা। মঙ্গলবার দুপুরে বসতঘরে খেলার সময় হাঁটতে হাঁটতে ঘর থেকে বের হয়ে যায়। এরপর অসাবধানতাবশত ঘরের সামনে থাকা পরিত্যক্ত রঙয়ের বালতির পানিতে উপুর হয়ে পড়ে যায় সে।
কিছু সময় পার হওয়ার পর বিষয়টি পরিবারের লোকদের নজরে আসে। এরপর বালতির পানি থেকে ফারিহাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। খবর পেয়ে পুলিশ নিহত শিশুর মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আহমেদ তানভির হাসান বলেন, হাসপাতালে আমরা শিশুটিকে মৃত অবস্থায় পেয়েছি।
থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি বলেন, লিখিত আবেদনের ভিত্তিতে নিহত শিশু ফারিহা সুলতানার মরদেহ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
২৮ অক্টোবর, ২০২০।
