কচুয়া উপজেলা আ.লীগের কাউন্সিলর অনুষ্ঠিত

সভাপতি শাহজাহান শিশির, সেক্রেটারী সোহরাব হোসেন চৌধুরী সোহাগ

এস এম সোহেল
কচুয়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলর অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ ডিসেম্বর) চাঁদপুর স্টেডিয়ামের প্যাভিলিয়নে চাঁদপুর জেলা আওয়ামী লীগের আয়েজনে সকাল ১০টা থেকে ২টা পর্যন্ত কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ৪শ’ ৮৫ জন ভোটারের মধ্যে ৪শ’ ৫৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন। প্রয়োগকৃত ভোটের মধ্য ১টি বাতিল হয়।
ভোটগণনা শেষে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ভোটের ফলাফল ঘোষণা করেন। সভাপতি পদে কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান শিশির ও সাধারণ সম্পাদক পদে সোহরাব হোসেন চৌধুরী সোহাগ ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে অ্যাড. হেলাল উদ্দিনের নাম ঘোষণা করা হয়।
ঘোষিত ফলাফলে মো. শাহজাহান শিশির ২৪১ ভোট পেয়ে কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী পান ১৫৬ ভোট। অপর আরেক প্রতিদ্বন্দ্বী প্রার্থী হুমায়ুন কবির মিয়াজী পান ৫৫ ভোট।
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলালের পরিচালনায় উপস্থিত ছিলেন কেন্দ্রিয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ। ভোটগ্রহণ পরিচালনা করেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পাদ বিষয়ক সম্পাদক পৌর মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল।
নির্বাচন পরিচালনা করেন এবং উপস্থিত ছিলেন এনবিআরের সাবেক চেয়ারম্যান মো. গোলাম হোসেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রশীদ সর্দার, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. শাহীর হোসেন পাটওয়ারী, অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আবু নাছের বাচ্চু পাটওয়ারী, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল মোতালেব, সদস্য অ্যাড. বদিউজ্জামান কিরণ, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান কবির আহমেদ, হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মঈনুদ্দিনসহ আরো অনেকে।
উল্লেখ্য, গত ৮ ডিসেম্বর কচুয়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপিসহ কয়েকজন কেন্দ্রীয় নেতা ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলালসহ আরো অনেকে উপস্থিতি ছিলেন।
প্রথম পর্ব শেষে বিকাল দ্বিতীয় পর্বের কাউন্সিল অধিবেশন বসার প্রস্তুতিকালে কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলা নেতৃবৃন্দের সাথে পরামর্শ করে কাউন্সিল অধিবেশন স্থগিত রাখেন। তারই ধারাবাহিকতায় গতকাল সোমবার চাঁদপুর স্টেডিয়ামের প্যাভিলিয়নে কচুয়া উপজেলা আওয়ামী লীগের কাউন্সিলর অনুষ্ঠিত হয়। কাউন্সিলে কচুয়া উপজেলা কমিটির সদস্যসহ ১টি পৌর ও ১২টি ইউনিয়ন কমিটির মোট ৪শ’ ৮৫ জন নির্বাচিত কাউন্সিলরের মধ্যে ৪শ’ ৫৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ১টি ভোট বাতিল হয়।

২০ ডিসেম্বর, ২০২২।