শওকত আলী
নদীর কূলবর্তী এলাকা হিসেবে ও গত কয়েকদিনের টানা ভারি বর্ষণে চাঁদপুরের মতলব উত্তর ‘মেঘনা ধনাগোদা সেচ প্রকল্প’ ও চাঁদপুর সেচ প্রকল্পে ব্যাপক
জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। যার কারণে বসতবাড়িতে পানি উঠে এবং ফসলগুলো তলিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে আমন চাষিদের বীজতলা এখন পানির নিচে। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা না করা হলে এই ক্ষতি আরও বৃদ্ধি পাবে।
পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে, দেশের বৃহত্তম সেচ প্রকল্পের মধ্যে মেঘনা ধনাগোদা ও চাঁদপুর সেচ প্রকল্প অন্যতম। দু’টি সেচ প্রকল্পের মধ্যে চাঁদপুর সেচ প্রকল্পের আওতায় ২২ হাজার হেক্টর জমি আবাদযোগ্য এবং মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পে আবাদযোগ্য জমি ১৪.১ হেক্টর। সেচ প্রকল্প এলাকায় বছর জুড়ে বোরো, আউশ ও আমন আবাদ হয়। চলতি সপ্তাহ থেকে শুরু হয়েছে আমন রোপন। জলাবদ্ধতার কারণে অনেক জমি পানিতে তলিয়ে গেছে। বীজতলা কয়েক ফুট পানির নিচে থাকায় তুলতে পারছে না কৃষকরা। অনেকটা হতাশার মধ্যে রয়েছে হাজার হাজার কৃষক।
মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ গ্রামের কৃষক লিয়াকত আলী ও অলি উল্লাহ জানান, আমাদের এলাকার পানি নিষ্কাশনের জন্য দুইটি খাল রয়েছে। ওই দুইটি খালই দখল হয়ে আছে। আমাদের ইউপি চেয়ারম্যান সাজেদুল হাসান বাবু (বাতেন) পানি নিষ্কাশনের জন্য পাইপ লাইন করে দিয়েছে, তাও একটি এখন বন্ধ রয়েছে। আমরা দ্রুত এর সমাধান চাই।
লতুরদি গ্রামের কৃষক সুলতান মোল্লা জানান, আমাদের এলাকাও ভারী বৃষ্টির কারণে জলাবদ্ধতা দেখা দিয়েছে। রোপা ফসল, মৎস্য খামার ও বসতঘরসহ বহু স্থাপনা তলিয়ে গেছে। আমাদের বড় ধরনের ক্ষতি হয়ে গেলো। ভারি বর্ষণে উপজেলার ইসলামাবাদ, দুর্গাপুর, লতরদি, এখলাছপুর, ফতেপুর, লুধুয়াসহ একাধিক এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ঘর বন্দি হয়ে পড়েছে বহু মানুষ।
মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের পানি ব্যবস্থাপনা ফেডারেশনের সাধারণ সম্পাদক সরকার মো. আলাউদ্দিন জানান, ভারি বর্ষণ হওয়ায় তিনটি পাম্প চালানো হয়েছে। আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে জলাবদ্ধতা কেটে যাবে।
মতলব উত্তর উপজেলা কৃষি কর্মকর্তা মো. সালাউদ্দিন বলেন, ভারী বৃষ্টির কারণে কিছুসংখ্যক ফসল ক্ষতির তথ্য পাওয়া গেছে। সেচ কর্তৃপক্ষকে দ্রুত পানি নিষ্কাশনের জন্য আমরা অনুরোধ করেছি।
এদিকে চাঁদপুর সেচ প্রকল্প এলাকার সদর ও ফরিদগঞ্জ উপজেলায় আউশ ধান কাটতে গিয়ে বিপাকে কৃষকরা। অনেকেই ধান কেটে জমিতেই রেখে দিয়েছেন। পাকা ধান এখন পানির নিচে। আবার অনেক কৃষক আমন রোপন করতে পারছেন না জলাবদ্ধতার কারণে। বীজতলা পানির নীচে। আখ, মৌসুমী সবজিসহ অনেক ফসলেরই ক্ষতি হয়েছে এই প্রকল্প এলাকায়।
সদর উপজেলার বাগাদী, বালিয়া, ইব্রাহীমপুর, চান্দ্রা, লক্ষ্মীপুর ইউনিয়নের কৃষকরা তাদের আমন বীজতলা থেকে বীজ উঠাতে না পারায় রোপণ করতে পারছে না। আবার যারা চলতি সপ্তাহে রোপণ করেছেন তাদেরগুলো কয়েক ফুট পানির নিচে রয়েছে। একই অবস্থা ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব, বালিথুবা পশ্চিম, গোবিন্দপুরসহ আশাপাশের ইউনিয়নের। এসব ইউনিয়নে বৃষ্টির পানিতে অধিকাংশ আখের জমিগুলো ক্ষতির সম্মুখীন। তবে আগামি ৩০-৩৫ দিনের মধ্যে আমন রোপণ করার শেষ সময়। এই সময়ের মধ্যেই পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে।
বালিয়া এলাকার কৃষক রফিকুল ইসলাম বলেন, গত কয়েকদিনের টানা ভারি বর্ষণে জমিগুলো কয়েকফুট পানিতে তলিয়ে আছে। যার কারণে আমন রোপণ করতে পারছেন না। তাদের এই দুর্ভোগের অবস্থায় পানি উন্নয়ন বোর্ডের লোকজনও আসছে না। দ্রুত জলাবদ্ধতা দূর করতে না পারলে তাদের পুরো আমন মৌসুম ব্যাহত হয়ে এ বছর আমন রোপণ করা সমস্যা দেখা দিবে।
চাঁদপুর সেচ প্রকল্পের উপ-সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) সিয়াম আলী বলেন, কয়েকদিনের টানা বর্ষণে সেচ প্রকল্প এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আমরা পুরো সেচ প্রকল্প এলাকার জলাবদ্ধতা নিরসনে কাজ করে যাচ্ছি। কৃষকদের অভিযোগ আছে, আমাদের লোকজন খোঁজ খবর রাখে না। মূলত আমাদের লোকবল অনেক সংকট আছে। যে পরিমাণ লোক আছে তা’ দিয়ে কাজ করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। যার কারণে মাঠ পর্যায়ে যেতে পারছে না। যারা যাচ্ছে, তাদের সাথে এলাকার কৃষকের সমন্বয়ের অভাব দেখা দিয়েছে।
০৯ আগস্ট, ২০২১।
