
প্রেস বিজ্ঞপ্তি
মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের আগের কমিটির সভাপতি গাজী মুক্তার হোসেন ও সাধারণ সম্পাদক আলহাজ আলী আক্কাস বাদলের নেতৃত্বাধীন কমিটি পুনর্বহাল রেখেছে চাঁদপুর জেলা আওয়ামী লীগ।
গত রোববার বিকেলে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল স্বাক্ষরিত লিখিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, কেন্দ্রিয় আওয়ামী লীগের সিদ্ধান্ত অনুযায়ী এবং কেন্দ্রিয় আওয়ামী লীগের অনুমতি ছাড়া উপজেলা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ড ও আঞ্চলিক কমিটি ভাঙ্গা বা বিলুপ্ত করা যাবে না।
উল্লেখিত কার্যাদি সংঘটিত হলে তা কেন্দ্রিয় সিদ্ধান্তের পরিপন্থী বলে বিবেচিত হবে। চিঠিতে আরো উল্লেখ করা হয়েছে যে, জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত করে সম্মেলন প্রস্তুতি পরিষদ গঠন করা হয়েছে। যা কেন্দ্রিয় নির্দেশনার পরিপন্থি। এমতাবস্থায় ঐ সিদ্ধান্ত বাতিলপূর্বক পূর্বতন কমিটি বহাল রেখে সম্মেলন কার্যক্রম এগিয়ে নেয়ার জন্য বলা হয়েছে।
উল্লেখ্য, গত ২১ জুন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি বাতিল করে উপজেলা আওয়ামী লীগ। লিখিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী মুক্তার হোসেন ও সাধারণ সম্পাদক আলী আক্কাস বাদল কোনরূপ দলীয় কার্যক্রমে না থাকায় উপজেলা আওয়ামী লীগের নির্দেশনা বাস্তবায়ন, সম্মেলনসহ সব কার্যক্রমে অনুপস্থিত থাকায়, সংগঠনের সম্মেলন সফল করার লক্ষ্যে বর্তমান কার্যনির্বাহী কমিটি বাতিলপূর্বক ৫ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়।
