
স্টাফ রিপোর্টার
শারদীয় দুর্গা পূজা উপলক্ষে চাঁদপুর সদর উপজেলা পূজা পরিষদের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৩ সেপ্টেম্বর বিকেল ৪টায় কালী বাড়ি মন্দির প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা পূজা পরিষদের সভাপতি সুশীল কুমার সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লক্ষ্মন চন্দ্র সূত্রধরের পরিচালনায় বক্তারা বলেন আমাদের পূজায় কোন সমস্যা নেই। সবাই আমাদের সহায়তা করে থাকে। বাবুরহাট বাজারের সম্মুখে সিএনজি রেখে যানজটের সৃষ্টি হয়। পূজা চলাকালে সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত এখানে ট্রাফিক পুলিশ মোতায়েন রাখা প্রয়োজন। আমাদের নিরাপত্তার স্বার্থে পূজা মন্ডপগুলোতে সিসি ক্যামেরা থাকতে হবে। আইন-শৃঙ্খলা রক্ষাকারীর পাশাপাশি নিজস্ব ভলান্টিয়ার টিম গঠন করতে হবে। ভলান্টিয়ারদের নামের তালিকা ও মোবাইল নম্বর চাঁদপুর মডেল থানায় জমা দিতে হবে। পাশাপাশি পূজা মন্ডপগুলোতে এই ভলান্টিয়ারদের নামের তালিকা প্রকাশ্যে রাখতে হবে। বিদ্যুৎ বিভ্রাটের জন্য পূজা মন্ডপগুলোতে জেনারেটরের ব্যবস্থা রাখতে হবে। নিজেদের নিরাপত্তার জন্য এখন থেকেই পূজা মন্ডপগুলোতে নিরাপত্তা দিতে হবে।
এ সময় বক্তব্য রাখেন সদর উপজেলা পূজা পরিষদের সহ-সভাপতি বিমল চৌধুরী, সদর উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি সালাউদ্দিন জিন্নাহ, সাধারণ সম্পাদক ওমর ফারুক, পূজা আয়োজক কমিটির মধ্যে বক্তব্য রাখেন তিমির নাহা, শাওন দাস, সপ্তজিত দাস, নির্মল পাল, মাখন দাস, সুরজিত কর, কৈলাস দাস, ডা. জহর লাল আচার্য্য, চন্দনেশ্বর দত্ত, রাধাকুন্ড দত্ত, প্রদীপ কুমার গুহ, লক্ষ্মন চন্দ্র সাহা, সুভাষ পোদ্দার প্রমুখ।
জেলা পূজা উদ্যাপন পরিষদের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক লিটন সাহার পিতৃবিয়োগ হওয়ায় এক মিনিট নীরবতা পালন করে সভা শেষ হয়।
২৪ সেপ্টেম্বর, ২০১৯।
