হাইমচরে মা ইলিশ নিধনকালে ৫ জেলেসহ মাছ ব্যবসায়ী আটক


সাহেদ হোসেন দিপু
হাইমচরে মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ নিধনকালে ৫ জেলে এবং ১ মাছ ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌসী বেগম আটকদের ১ বছর করে সাজা প্রদান করেন। পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করে দেয়া হয়।
গত শুক্রবার দিবাগত রাত ১টায় উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌসী বেগমের নেতৃত্বে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমানসহ উপজেলা টাস্কফোর্স কমিটি অভিযান পরিচালনা করে নীলকমল ইউনিয়নের ঈশানবালা মেঘনা নদীতে ইলিশ শিকারের সময় ৫ জেলেকে আটক করেন।
আটক জেলেরা হলেন- নীলকমল ইউনিয়নের মাঝির বাজারের ছানাউল্লা ঢালীর ছেলে মজিব রাড়ী (৪৫), চাঁদপুর সদর রামদাসদী গ্রামের বাদশা খানের ছেলে আক্কাছ খান (৪২), বহরিয়া এলাকার সুজা খার ছেলে সুমন খা (৩৫), নাজিম উদ্দিন বেপারীর ছেলে মো, আরিফ (২০) ও জাহাঙ্গীর হাজির ছেলে রিপন গাজী (১৮)।
এছাড়া শনিবার ভোর ৬টায় চর এলার্টম্যান থেকে মা ইলিশ কিনে বিক্রির উদ্দেশে চরভৈরবী ইউনিয়নের আমতলা এলাকায় আসলে স্থানীয় জেলে প্রতিনিধি মানিক দেওয়ানসহ এলাকাবাসী উত্তর পাড়া বগুলা গ্রামের নাসির মাঝির ছেলে মাছ ব্যবসায়ী সাইফুলকে প্রায় ৫শ’ কেজি ইলিশসহ আটক করে। পরে উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি জানালে তাকে পুলিশের মাধ্যমে আটক করে থানায় নিয়ে আসা হয়। আটক সাইফুলকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ বছরের সাজা প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌসী বেগম। তার কাছ থেকে আটক মাছ স্থানীয় কয়েকটি এতিমখানা ও মাদরাসায় বিতরণ করা হয়।

১৩ অক্টোবর, ২০১৯।