চাঁদপুরে মাদক মামলায় যুবকের কারাদন্ড


স্টাফ রিপোর্টার
চাঁদপুরে মাদক মামলায় ইমরান হোসেন (৩২) নামে মাদক ব্যবসায়ীকে ১০ বছরের সশ্রম কারাদ-, ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ড প্রদান করেছে আদালত। গত বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ সরোয়ার আলম এই রায় দেন। কারাদন্ড প্রাপ্ত ইমরান হোসেন চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার আব্দুল হাকিমের ছেলে।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৫ সালের ৩০ আগস্ট চাঁদপুর মডেল থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ঘোষেরহাট এলাকায় একটি যাত্রীবাহী বাস থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ইমরানকে আটক করেন। এই ঘটনায় তার বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা চাঁদপুর মডেল থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান চৌধুরী তদন্ত শেষে ২০১৫ সালের ৫ অক্টোবর আদালতে চার্জশীট দাখিল করেন।
সরকার পক্ষের আইনজীবী অ্যাড. সাইয়্যেদুল ইসলাম বাবু বলেন, মামলাটি চলমান অবস্থায় আদালত ৬ জনের সাক্ষ্য গ্রহণ করেন। সাক্ষ্য ও মামলার নথিপত্র পর্যালোচনা শেষে এই রায় দেন। আসামি ইমরান হোসেন জামিনে গিয়ে পলাতক রয়েছেন। তার অনপুস্থিতিতে এই রায় দেয়া হয়। আসামি পক্ষের আইনজীবী ছিলেন চৌধুরী আবুল কালাম আজাদ।

১৩ অক্টোবর, ২০১৯।