হাজীগঞ্জে ১০ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে মাত্র ১০ ঘণ্টার ব্যবধানে স্বামীর পর স্ত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০৯ জুন) উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের স্থানীয় রামপুর গ্রামের এই মৃত্যুর ঘটনা ঘটে। এতে মৃতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। এদিন সকাল ৭টায় মুক্তিযোদ্ধা স্বামী আনোয়ার হোসেন মল্লিক (৬৫) এবং বিকাল ৪টায় স্ত্রী শাহানারা বেগম (৫৫) মারা যান। নিহতদের ২ ছেলে ও ২ মেয়ে রয়েছে।
জানা গেছে, মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মল্লিক বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। ঈদের (ঈদুল ফিতর) দু’দিন পর তার জ্বর হয়। এরপর তিনি সুস্থ হয়ে উঠেন। মঙ্গলবার সকালে তিনি বাড়িতে মৃত্যুবরণ করনে। তার দাফন কাজ শেষ হওয়ার পর স্ত্রী শাহানারা বেগম হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে চাঁদপুর সদর হাসপাতালে নেয়া হলে সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় বিকালে মারা যান।
স্বামী-স্ত্রী’র মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি চেয়ারম্যান বলেন, আনোয়ার হোসেন মল্লিককে পারিবারিকভাবে দাফন করা হয়েছে। ওনার দাফন কাজ শেষ হওয়ার পর তার স্ত্রী অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ইউপি চেয়ারম্যান নিহতদের আত্মার মাগফেরাতা কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
এদিকে মাত্র ১০ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রী মৃত্যুর ঘটনায় তাদের পরিবার, আত্মীয়-স্বজন ও তার গ্রামের বাড়ি একই ইউনিয়নের নোয়াপাড়া এবং বর্তমানে ঠিকানা রামপুর গ্রাম ও বাজার এলাকায় শোকের ছায়া নেমে আসে। এলাকার লোকজন মৃতদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

৯ জুন, ২০২০।