মশিউর রহমান
পবিত্র আশুরা উপলক্ষে শুক্রবার (২৬ জুন) বিকালে ফরিদগঞ্জ উপজেলার রূপসা মধ্য জমিদার বাড়িতে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ঐতিহ্যবাহী রুপসা জমিদার পরিবারের সদস্য সৈয়দ মেহেদী হাছান চৌধুরীর উদ্যোগে আয়োজিত এই মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে রূপসা জমিদার মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুর রহমান পবিত্র আশুরার ঘটনাপ্রবাহ নিয়ে বিস্তারিত আলোকপাত করেন। তিনি বলেন, ইসলামি বর্ষপঞ্জির প্রথম মাস মহররমের ১০ তারিখ ‘আশুরা’ হিসেবে পালিত হয়। এই দিনে মহান আল্লাহ হযরত আদম (আ.)-কে সৃষ্টি করেছেন এবং হযরত নূহ (আ.) মাছের পেট থেকে মুক্তি লাভ করেছেন।
তিনি আরও বলেন, ১০ মহররম ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে মহানবী (সা.)-এর দৌহিত্র ইমাম হোসাইন (রা.) অন্যায় ও স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে সপরিবারে শাহাদাতবরণ করেন। এই আত্মত্যাগের ঘটনা অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার হওয়ার এবং সত্যের পথে অবিচল থাকার চিরন্তন শিক্ষা দেয়।
উদ্যোক্তা সৈয়দ মেহেদী হাছান চৌধুরী বলেন, এটি মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও বরকতময় একটি দিন। ঐতিহাসিক মুক্তি, ত্যাগের চেতনা এবং ইবাদত-বন্দেগির সমন্বয়ে দিনটির গুরুত্ব অপরিসীম।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক নজরুল ইসলাম নজু পাটোয়ারী, রূপসা উত্তর ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ বিল্লাল হোসেন ভূঁইয়া, রূপসা আহম্মাদীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকরামুল হক, সহকারী প্রধান শিক্ষক হারুনুর রশিদ (বিএসসি), ফরিদগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ফারুক, ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল, মাস্টার মশিউর রহমান ও বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুর রহমানসহ স্থানীয় বিভিন্ন মসজিদের খতিব ও শিক্ষকমণ্ডলী।
মিলাদ ও দোয়া মাহফিলে মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
২৬ জুন, ২০২৬।
