​চাঁদপুরে ওয়াক্‌ফ প্রশাসকের সাথে সৈয়দ মেহেদী হাছান চৌধুরীর সাক্ষাৎ

মশিউর রহমান
​বাংলাদেশ ওয়াক্‌ফ প্রশাসক সাফিজ উদ্দিন আহমেদ বুধবার (২৪ জুন) ১ দিনের সফরে চাঁদপুর আসেন। ওয়াক্‌ফ অধ্যাদেশ ১৯৬২-এর ৪৭ ধারা বাস্তবায়নের লক্ষ্যে অতালিকাভুক্ত ওয়াক্‌ফ সম্পত্তিগুলো দ্রুত তালিকাভুক্তির বিষয়ে প্রচারণার অংশ হিসেবে তিনি এই সফর করেন।
​বুধবার সকালে কুমিল্লা পরিদর্শন শেষে হাজীগঞ্জ হয়ে রাতে তিনি চাঁদপুর সার্কিট হাউসে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয়। এসময় ওয়াক্‌ফ প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ঐতিহ্যবাহী রুপসা জমিদার পরিবারের সদস্য ও মোহাম্মদ গাজী চৌধুরী ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা ও সভাপতি সৈয়দ মেহেদী হাছান চৌধুরী।
​সাক্ষাৎকালে ওয়াক্‌ফ প্রশাসক দেশের সব অতালিকাভুক্ত ওয়াক্‌ফ সম্পত্তি, যেমন—মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান, ইমামবাড়া, খানকা ও মাজারশরীফ জরুরিভিত্তিতে বাংলাদেশ ওয়াক্‌ফ প্রশাসকের কার্যালয়ে তালিকাভুক্ত করার উপর জোরারোপ করেন। তিনি বলেন, ওয়াক্‌ফ সম্পত্তির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং বেদখল হওয়া রোধ করতেই এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
​আলোচনাকালে ওয়াক্‌ফ প্রশাসক ওয়াক্‌ফের সংজ্ঞা ও প্রকারভেদ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, আরবি শব্দ ‘ওয়াক্‌ফ’-এর আক্ষরিক অর্থ থামানো, স্থগিত করা বা উৎসর্গ করা। প্রয়োগের ক্ষেত্র বিবেচনায় ওয়াক্‌ফ দুই ধরনের। সম্পত্তি সংক্রান্ত ওয়াক্‌ফের ক্ষেত্রে ইসলামি শরীয়ত অনুযায়ী এটি ৩ প্রকার। যার মধ্যে রয়েছে- জনকল্যাণে উৎসর্গকৃত ওয়াকফ ফি-সাবিলিল্লাহ, নিজের সন্তান ও বংশধরদের জন্য ওয়াকফ আল-আওলাদ এবং উভয় কাজে যৌথভাবে ব্যবহৃত ওয়াকফ আল-মুশতারাক। অন্যদিকে, কুরআন তিলাওয়াত সংক্রান্ত তাজবিদের পরিভাষায় ওয়াক্‌ফ ৪ প্রকার—ওয়াকফে তাম, ওয়াকফে কাফি, ওয়াকফে হাসান এবং ওয়াকফে কাবিহ।
​ওয়াক্‌ফ প্রশাসকের বক্তব্য অত্যন্ত গুরুত্বের সাথে শ্রবণ করেন সৈয়দ মেহেদী হাছান চৌধুরী। তিনি প্রশাসককে আশ্বস্ত করেন যে, বিধি অনুযায়ী সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য তাঁর সহযোগিতা সর্বদাই ইতিবাচক থাকবে।
​এসময় আরও উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক ইলশেপাড়ের প্রধান সম্পাদক রোটারিয়ান মাহবুবুর রহমান সুমন, চ্যানেল ওয়ানের জেলা প্রতিনিধি ও ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ভূঁইয়া, সাংবাদিক আনিছুর রহমান সুজন, রূপসা বাজার ব্যবসায়ী কমিটির সাবেক সভাপতি মো. ফারুক খান এবং বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল জলিল প্রমুখ।
​ওয়াক্‌ফ প্রশাসক জানান, তালিকাভুক্তির আবেদন ফরম, প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা ও নিয়মাবলী বাংলাদেশ ওয়াক্‌ফ প্রশাসনের ওয়েবসাইট (www.waqf.gov.bd), সব ওয়াক্‌ফ পরিদর্শকের কার্যালয় এবং সব জেলা প্রশাসকের কার্যালয় থেকে বিনামূল্যে পাওয়া যাবে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী অতালিকাভুক্ত ওয়াক্‌ফ সম্পত্তি তালিকাভুক্তির লক্ষ্যে দেশব্যাপী এই গণবিজ্ঞপ্তি প্রচার কার্যক্রম চলমান রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

২৪ জুন, ২০২৬।