হাজীগঞ্জ বড় মসজিদে ঈদুল আজহার ৩টি জামাত

মোহাম্মদ হাবীব উল্যাহ্
মুসলমানদের অন্যতম সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আজহা পালিত হবে আগামিকাল রোববার। ইতোমধ্যে ঈদের আনন্দ উপভোগ করতে বাংলাদেশী মুসলিম উম্মাহ যার যার সাধ্য অনুযায়ী সব প্রস্তুতি সম্পন্ন করেছেন। ক্রয় করেছেন কোরবানীর পশু।
গত দুই বছর অতিমারি করোনা ভাইরাসের কারণে ঈদ নামাজের জামাত সীমিত ছিল। যা চার দেয়ালের ভেতরই সীমাবদ্ধ ছিল। এছাড়া কোলাকুলিতেও ছিল মানা। তবে চলতি বছর করোনা সংক্রমণ কমে আসায় এবার ঈদ ফিরছে উৎসবের পুরনো মেজাজ। এতে করে সবার মাঝে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
প্রতি বছরের মতো এ বছরও হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে পবিত্র ঈদুল আজহা নামাজের ৩টি জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম জামাত হবে সকাল ৭টায়। যার ইমামতি করবেন মসজিদের খতিব ও পেশ ইমাম মুফতি মোহাম্মদ আব্দুর রউফ।
দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। ইমামতি করবেন মসজিদের সহকারী ইমাম মুফতি মো. আবু সাঈদ এবং তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টায়। যার ইমামতি করবেন মসজিদের সহকারী ইমাম হাফেজ মাও. মো. আনাছ।
বিষয়টি নিশ্চিত করেছেন হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের ভারপ্রাপ্ত মোতওয়াল্লী প্রিন্স শাকিল আহমেদ। তিনি বলেন, পবিত্র ঈদুল আজহার ৩টি জামাতকে সুন্দরভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ব্যবস্থাগ্রহণ করা হয়েছে।

০৯ জুলাই, ২০২২।