চাঁদপুরে পুলিশ মেমোরিয়াল ডে অনুষ্ঠিত

দেশের স্বার্থে সেবায় নিয়োজিত থাকা ইবাদতের শামিল……..পুলিশ সুপার

এস এম সোহেল
কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে চাঁদপুরে পুলিশ মেমোরিয়াল ডে-২০২৩ আয়োজন করেছে জেলা পুলিশ। বুধবার (১ মার্চ) সকালে চাঁদপুর পুলিশ লাইনস এ দিবসটি উপলক্ষে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে নিরাপত্তা বিধানে মহান দায়িত্ব পালনকালে জীবন উৎসর্গকারী ৩০ জন পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়।
আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মিলন মাহমুদ। তিনি তাঁর বক্তব্যে বলেন, পুলিশে চাকরিরত সদস্যরা পরিবারের সাথে না থাকলেও পরিবারের খোঁজখবর রাখেন। আমরা যখন যেভাবে কাজ করি, তখন সেভাবে মানিয়ে নেই। চাকরি করতে এসে যারা জীবন উৎসর্গ করেছে তারা শহিদি মর্যাদা লাভ করেন, আল্লাহ তাদের জান্নাত নসিব করুন। আমরা পুলিশ সদস্যরা ২৪ ঘণ্টা কর্তব্যরত থাকি। দেশের স্বার্থে ও জনগণের সেবায় নিয়োজিত থাকি। এটি ইবাদতের শামিল। দায়িত্ব পালন করতে গিয়ে যারা জীবন দিয়েছেন তাদের পরিবারও গর্বিত এবং সম্মানিত। পুলিশের সন্তান শিক্ষিত ও চাকরি করেও বিভিন্ন পেশার নিয়োজিত রয়েছেন। এজন্য আমরা গর্বিত।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিআইডি পুলিশ সুপার নাজমুল আলম, পিবিআই পুলিশ সুপার মো. মোস্তফা রাশেদ ও চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এএইচএম আহসান উল্লাহ। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াছির আরাফাতের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস্) পলাশ কান্তি। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায় ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন জীবন উৎসর্গকারী কনস্টেবল আরিফের মা হোসনেআরা ও মঞ্জুরুল ইসলামের মেয়ে সামিয়া মঞ্জু নেহা।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন এসআই জয়নাল আবেদীন ও গীতা পাঠ করেন তিয়া দাস। এরপর জীবন উৎসর্গবারী পুলিশ সদস্যদের স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

০২ মার্চ, ২০২৩।