এস এম সোহেল
চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে পুলিশ সুপার ও মুক্তিযোদ্ধার সন্তান মো. মিলন মাহমুদকে বিদায় সংবর্ধনা দেয়া হয়। রোববার (৯ জুলাই) বিকেল ৫টায় চাঁদপুর শহরের নিশি বিল্ডিং এলাকায় মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স সম্মেলন কক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান।
এসময় জেলা প্রশাসক বলেন, আজ একজন মুক্তিযোদ্ধার সন্তানের বিদায় অনুষ্ঠানের মাধ্যমে এ ভবনের কার্যক্রম চালু হলো। আমরা যারা সরকারি চাকরি করি তারা দীর্ঘস্থায়ী নই। সর্বোচ্চ চার বছর থাকতে পারি। আমার চাঁদপুরে এক বছরের কিছু বেশি সময় হয়েছে। কখনো পুলিশ সুপার ও আমার মাঝে যোগাযোগ বন্ধ হয়নি। আজ যেভাবে পুলিশ সুপারের বিদায় অনুষ্ঠান হচ্ছে তেমনি আমিও চলে যাব, চাইবো এ ভবন থেকে একটা ভালো বিদায় সংবর্ধনা পেতে পারি- এমনটাই প্রত্যাশা করি। পুনাক সভানেত্রী সত্যি একজন দক্ষ সংগঠক। তিনি ঢাকায় চাকরি করেন, তারপরও চাঁদপুরে ছুটে এসে বিদায়ী পুলিশ সুপারকে যেভাবে সহযোগিতা করেছেন তা প্রশংসনীয়। আমরা চাইবো বাকি দিনগুলো যেন এমনিভাবে কাটাতে পারেন। তিনি যেন একদিন ইন্সপেক্টর জেনারেল হয়ে দায়িত্ব পালন করবেন।
চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এম এ ওয়াদুদের সভাপতিত্বে বিদায়ী অতিথির বক্তব্যে পুলিশ সুপার মিলন মাহমুদ বলেন, আমি যেখানেই থাকি চাঁদপুরকে মনে রাখবো। মুক্তিযোদ্ধারা আজ আমাকে যে সম্মানটুকু দিয়েছেন, তা আমার জীবনের বড় প্রাপ্তি। যদি কাউকে কোনভাবে কষ্ট দিয়ে থাকি, তাহলে আপনার আমাকে ক্ষমা করে দিবেন।
সাংবাদিক এমআর ইসলাম বাবুর পরিচালনায় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ, পুনাক সভানেত্রী ডা. আফসানা শর্মী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক আহ্বায়ক সাহাদাত হোসেন সাবু পাটোয়ারী, সহকারী কমান্ডার ইয়াকুব আলী মাস্টার।
এসময় উপস্থিত ছিলেন এনএসআই’র উপ-পরিচালক শাহ আরমান আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াছির আরাফাত, চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. শেখ মুহসীন আলম, মুক্তিযোদ্ধা মহসিন পাঠানসহ মুক্তিযোদ্ধারা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও মোনাজাত পরিচালনা করেন হাওলাদার জামে সমজিদের পেশ ইমাম হাফেজ মাও. মুফতি আশেক এলাহী। সবশেষে পুলিশ সুপার মিলন মাহমুদকে ক্রেস্ট প্রদান করা হয়।
১০ জুলাই, ২০২৩।
