ফরিদগঞ্জে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

নারায়ন রবিদাস
ফরিদগঞ্জে শিশু শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে চার সন্তানের জনক আব্দুর রহমান রিপন (৬০) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। এর আগে শিশু শিক্ষার্থীটির বাবা বাদী হয়ে গত রোববার রাতে ফরিদগঞ্জ থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। পুলিশ ঐ রাতেই অভিযুক্তকে আটক ও শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। গতকাল সোমবার সকালে শিশুটির ডাক্তারী পরীক্ষা ও ২২ ধারায় জবানবন্দী রেকর্ডের জন্য চাঁদপুর প্রেরণ করা হয়। অপরদিকে অভিযুক্ত ধর্ষক আব্দুর রহমান রিপনকে চাঁদপুর আদালতে প্রেরণ করে। গত ২ ডিসেম্বর দুপুরে উপজেলার মুলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ফরিদগঞ্জ থানার এসআই ও মামলার তদন্তকারী অফিসার জালাল উদ্দিন জানান, গত ২ ডিসেম্বর দুপুরে উপজেলার মুলপাড়া গ্রামের একটি নুরাণী মাদরাসার শিশু শ্রেণির শিক্ষার্থীকে রঙ্গিন কলম দেয়ার লোভ দেখিয়ে অভিযুক্ত ধর্ষক আব্দুর রহমান রিপন ধর্ষণ করে। শিশুটি অসুস্থ হয়ে পড়ার চার/পাঁচ দিন তার মাকে বিষয়টি জানায়।
ফরিদগঞ্জ থানার ওসি আবদুর রকিব জানান, বিষয়টি জানার সাথে সাথে অভিযুক্তকে আটক করা হয়েছে। শিশুটির বাবা বাদী হয়ে মামলা দায়ের করে।