ফরিদগঞ্জে ৪ সন্তানের জননীকে হত্যার অভিযোগে বাড়িওয়ালা আটক


ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জে বাড়িওয়ালার স্ত্রীর কর্তৃক ভাড়াটিয়া রেহানা পারভীন (২৮) নামে চার সন্তানের মাকে হত্যার অভিযোগে বাড়িওয়ালা রফিক ইসলাম পাটওয়ারীকে গত বুধবার গভীর রাতে পৌর এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে মঙ্গলবার নিহত পারভীনের মা পানোয়ার বেগম পানু ফরিদগঞ্জ থানায় তার মেয়ে হত্যার ঘটনায় রফিক ও তার স্ত্রী খুকিকে আসামি করে মামলা দায়ের করে।
পুলিশ ও নিহতের মা পানু বেগম জানান, ফরিদগঞ্জ পৌর এলাকার বাড়িওয়ালা রফিক পাটওয়ারীর বাড়িতে তার মেয়ে, প্রবাসী আনোয়ার হোসেনের স্ত্রী পারভীন তার ৪ সন্তান নিয়ে ঘর ভাড়া করে বসবাস করে আসছে। গত ২৭ সেপ্টেম্বর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তার মেয়েকে মারপিট করে এবং এক পর্যায় পেটে সজোরে লাথি মারে। এতে সে গুরুতর আহত হয়ে পড়ে। এই অবস্থায় চিকিৎসার জন্য তাকে ঢাকার হলি ফ্যামিলী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ৭ দিন চিকিৎসাধীন থাকার পর গত ৭ অক্টোবর সকালে তার মৃত্যু হয়। পরে ওই দিন সন্ধ্যায় লাশ গ্রামের বাড়িতে নিয়ে আসলে ফরিদগঞ্জ থানা পুলিশ তা উদ্ধার করে, মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠায়।
এ ঘটনায় নিহতের মা পানোয়ারা বেগম পানু বাদী হয়ে মঙ্গলবার ফরিদগঞ্জ থানায় বাড়িওয়ালা রফিক পাটওয়ারী ও তার স্ত্রী খুকিকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকে তার দু’জন পালিয়ে বেড়ায়। অবশেষে বুধবার রাতে এসআই নাছির, নাজমুল ও রবিউল গোপন সংবাদের ভিত্তিতে কাছিয়াড়া গ্রামের একটি বাড়ি থেকে রফিককে গ্রেফতার করতে সক্ষম হয়। তবে রফিকের স্ত্রী খুকি পালিয়ে বেড়াচ্ছে।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রকিব জানান, পুলিশ মামলার ১নং আসামি রফিককে বুধবার গভীর রাতে গ্রেফতার করেছে। অপর আসামি খুকিও অল্প সময়ের মধ্যে আটক হবে।

১৩ অক্টোবর, ২০১৯।