চাঁদপুরে ঈদুল আজহা উদযাপনে প্রস্তুতিমূলক সভা

নিয়ম ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা
….মোহাম্মদ মোহসীন উদ্দিন

স্টাফ রিপোর্টার
চাঁদপুরে ঈদুল আজহা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ মে) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
তিনি তাঁর বক্তব্যে বলেন, যেসব হাটের ইজারাদার নিজ দায়িত্বে জাল নোট শনাক্তকারী মেশিন বসাবে না, সেখানে হাট বসানো হবে না। হাট ব্যবস্থাপনায় যেন শৃঙ্খলা থাকে এবং কেউ প্রতারণার শিকার না হয়, সেজন্য যারা হাসিল আদায়ে দায়িত্বে থাকবেন এবং তারা নির্ধারিত পোশাক পরবেন।
তিনি আরো বলেন, চাঁদপুরে কোরবানির চামড়া সংরক্ষণের জন্য ৪১৯ মেট্রিক টন লবণের ব্যবস্থা রয়েছে। ১৫ দিনের মধ্যে ঢাকায় কোনো গরুর চামড়া পাঠানো যাবে না। কেউ নিয়ম ভঙ্গ করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গরু মোটাতাজাকরণে নিষিদ্ধ উপাদান ব্যবহারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে তথ্য অফিসকে মাইকিং করার নির্দেশ দেওয়া হয়েছে। চাঁদপুরে যদি গরুর সংকট দেখা দেয়, তাহলে ঢাকা থেকে গরু এনে সরবরাহ নিশ্চিত করা হবে।
কোরবানির চামড়ার দাম প্রসঙ্গে তিনি বলেন, সরকার নির্ধারিত রেট অনুযায়ী চামড়া সংগ্রহ নিশ্চিত করতে হবে যাতে প্রকৃত মালিকরা ন্যায্য মূল্য পান।
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে জেলা প্রশাসক বলেন, রাস্তায় যেন যানজট না হয়, ছিনতাই ও হয়রানির ঘটনা না ঘটে সে জন্য পুলিশ প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকতে হবে। লঞ্চঘাটে পর্যাপ্ত টহলের ব্যবস্থা নেওয়া হয়েছে। নৌপথে দুর্ঘটনা রোধে নৌ পুলিশ ও কোস্টগার্ডকে কড়া নজরদারিতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি বলেন, বাস, সিএনজি ও অন্যান্য যানবাহন যেন ট্রাফিক আইন মেনে চলে এবং কেউ যেন অতিরিক্ত ভাড়া আদায় না করে, সেদিকে নজরদারি করতে হবে। গত ঈদে লঞ্চঘাট থেকে কিছু সিএনজি ড্রাইভার অতিরিক্ত ভাড়া নিয়েছিল, এবার এমন ঘটনা যেন না ঘটে, সে জন্য বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে। বাস, লঞ্চ ও সিএনজির ভাড়া যাতে কোনোভাবেই বাড়ানো না হয় সে নির্দেশনাও দেওয়া হয়েছে।
বিদ্যুৎ বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে ঈদের সময় কোনো এলাকায় লোডশেডিং না হয়। ফায়ার সার্ভিসকে সব সময় প্রস্তুত থাকতে বলা হয়েছে যাতে যেকোনো জরুরি পরিস্থিতি দ্রুত মোকাবিলা করা যায়।
পৌরসভাকে নির্দেশ দেওয়া হয়েছে, কোরবানির দিন সন্ধ্যার মধ্যেই সব বর্জ্য অপসারণ নিশ্চিত করতে হবে। মসলাজাতীয় দ্রব্য, বিশেষ করে গরম মসলা যেন কেউ কৃত্রিমভাবে দাম বাড়াতে না পারে, সেজন্য বাজার মনিটরিং জোরদার করতে হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিনের পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন চাঁদপুর নৌ-পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (চাঁদপুর সার্কেল) মো. আব্দুল হান্নান রনি, কোস্টগার্ডের স্টেশন কমান্ডার আহসান, এনএসআই’র জয়েন্ট ডিরেক্টর এমডি আবু আব্দুল্লাহ, জেলা কারাগারের মো. মুনীর হোসেন, চাঁদপুর পৌরসভা প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবুল কালাম ভূঁইয়া, সড়ক ও জনপদ বিভাগ উপ-বিভাগীয় প্রকৌশলী ওয়াসিউদ্দিন আহমেদ, বিআরটিএ সহকারী পরিচালক মো. কামরুজ্জামান, বিআইডব্লিউটিসি সহকারী মহাব্যবস্থাপক মো. ফয়সাল আলম চৌধুরী, চাঁদপুর রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ মারুফ হোসেন, চাঁদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিনিয়র স্টেশন অফিসার মো. ছানোয়ার হোসেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সোহেব, ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কালাম মন্টু, জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি মো. রিপন হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
সভায় অংশগ্রহণকারী সবাই তাদের যথাযথ ভূমিকা পালন করে ঈদ উদযাপন সফল ও শান্তিপূর্ণ করতে দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

২১ মে, ২০২৫।